০৬ জুলাই ২০২৬, ২৩:৪৯

শেষ ষোলোতেই স্পেন–পর্তুগাল, ফিফার জন্যও কি দুঃসংবাদ?

বিশ্বকাপ ট্রফি   © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও পর্তুগাল। তবে এই লড়াই শুধু ফুটবলপ্রেমীদের জন্যই নয়, টুর্নামেন্টের আয়োজকদের জন্যও এক ধরনের অস্বস্তির কারণ হতে পারে। কারণ, এই ম্যাচের পর নিশ্চিতভাবেই বিদায় নেবে শিরোপার অন্যতম দাবিদার একটি দল।

গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারায় কঠিন পথে পড়েছে পর্তুগাল। এর ফলে নকআউট পর্বে শুরুতেই স্পেনের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দলকে। একই সঙ্গে সম্ভাব্য কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির সঙ্গে রোনালদোর বহুল প্রতীক্ষিত দ্বৈরথের সম্ভাবনাও শেষ হয়ে গেছে।

ইতোমধ্যেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জার্মানি, নেদারল্যান্ডস ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তাই স্পেন–পর্তুগাল লড়াইয়ের পর আরেকটি শীর্ষ দল বিদায় নেওয়া টুর্নামেন্টের জন্যও বড় ধাক্কা হতে পারে।

এই ম্যাচের বিজয়ী কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র বা বেলজিয়ামের। এরপর সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ ফ্রান্স অথবা মরক্কো। ফলে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির বহুল আলোচিত মুখোমুখি হওয়ার একমাত্র সম্ভাবনা এখন ফাইনালেই, যদি দুই দলই নিজেদের পথ পেরিয়ে ১৯ জুলাইয়ের শিরোপা নির্ধারণী ম্যাচে পৌঁছাতে পারে।