০৬ জুলাই ২০২৬, ২৩:৩৮

এটাই কি রোনালদোর শেষ বিশ্বকাপ?

রোনালদো   © সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ ক্যারিয়ার শেষের পথে কি না, সেটি নিয়ে জল্পনা এখন তুঙ্গে। তবে ৪১ বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকা এখনই অবসরের ঘোষণা দিতে রাজি নন। স্পেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নেবেন নিজের সময় ও নিজের শর্তে।

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা রোনালদো সংবাদ সম্মেলনে বলেন, “আমি যখন চাইব, তখনই ক্যারিয়ার শেষ করব। আপনারা সব সময় একই প্রশ্ন করেন, এটাই কি শেষ বিশ্বকাপ? দেখা যাক। এখন আমি এসবের দিকে মন দিতে চাই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালো খেলা।”

তিনি আরও বলেন, “যাই হোক না কেন, আমি শতভাগ নিশ্চিন্ত মনে মাঠ ছাড়ব। ফুটবলকে আমি যা দেওয়ার ছিল, সবই দিয়েছি। ফুটবল আমার ভালোবাসা, আমার আবেগ। প্রয়োজনের জন্য নয়, ভালোবাসা থেকেই এত বছর খেলেছি। জাতীয় দলের হয়ে খেলতে আমি সব সময়ই গর্ব অনুভব করি।”

বিশ্বকাপ জয়ের চাপ নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন রোনালদো। তার ভাষ্য, “নিজের ওপর এমন কোনো চাপ দিচ্ছি না যে আমাকে অবশ্যই বিশ্বকাপ জিততেই হবে। বিশ্বকাপের মতো মঞ্চে প্রতিটি ম্যাচ উপভোগ করা উচিত। এখন পর্যন্ত আমার তিনটি গোল হয়েছে। অন্য কেউ হয়তো আরও ভালো করেছে, কিন্তু আমি মনে করি আমিও খারাপ খেলছি না।”

ছয়টি বিশ্বকাপের মধ্যে চলমান আসরকেই নিজের সবচেয়ে উপভোগ্য অভিজ্ঞতা বলে উল্লেখ করে পর্তুগাল অধিনায়ক বলেন, “এটি দারুণ একটি অভিজ্ঞতা। আমরা প্রতিটি ম্যাচে আরও উন্নতি করছি। বিশ্বকাপ খুব কঠিন একটি প্রতিযোগিতা। এখানে ভালো দলও বিদায় নিচ্ছে, সেটাই সবকিছু বলে দেয়। আমাদের দল শান্ত, আত্মবিশ্বাসী এবং ভালোভাবে প্রস্তুত। সামনে কঠিন প্রতিপক্ষ, তবে আমরা প্রস্তুত আছি।”

স্পেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হারলে পর্তুগালের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যাবে। যদিও রোনালদো এখনও অবসরের ইঙ্গিত দিতে চাননি, তবু ফুটবলবিশ্বের অনেকের ধারণা, এটিই হতে পারে বিশ্বকাপের মঞ্চে তার শেষ নাচ।