০৬ জুলাই ২০২৬, ১০:৩৮

নরওয়ের কাছে হারের পর নেইমার বললেন, ‘সব শেষ’

নেইমার   © টিডিসি ফটো

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হারের পর আবেগ ধরে রাখতে পারেননি নেইমার। ব্রাজিলের বিদায়ের পর জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে ১০ নম্বর জার্সিধারী এই তারকা জানিয়ে দিয়েছেন, হয়তো ব্রাজিলের হয়ে তার পথচলা এখানেই শেষ। ম্যাচ শেষে তিনি বলেন, 'আমি অনেক চেষ্টা করেছি, চেষ্টা করেছি। এখন সব শেষ। এখান থেকেই শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম।'

রবিবার (৫ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করেন নেইমার। সেটিই ছিল বিশ্বকাপে তার নবম গোল।

ম্যাচ শেষে সম্প্রচারমাধ্যম জিইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ নিয়ে আবেগঘন মন্তব্য করেন নেইমার। মেটলাইফ স্টেডিয়ামের কথা উল্লেখ করে তিনি বলেন, 'আমি অনেক চেষ্টা করেছি, চেষ্টা করেছি। এখন সব শেষ। এখান থেকেই শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম।'

২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়ে এই মেটলাইফ স্টেডিয়ামেই ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয়েছিল নেইমারের। প্রায় ১৬ বছর পর একই মাঠে দাঁড়িয়েই জাতীয় দলের অধ্যায় শেষ হওয়ার ইঙ্গিত দিলেন তিনি।

এই পরাজয়ের মাধ্যমে ব্রাজিল শুধু বিশ্বকাপ থেকেই বিদায় নেয়নি, গড়েছে হতাশার একটি রেকর্ডও। ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

এ ছাড়া ২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে না পারায় শিরোপাখরাও আরও দীর্ঘ হলো ব্রাজিলের। ২০৩০ সালেও যদি তারা বিশ্বকাপ জিততে না পারে, তবে বিশ্বকাপ শিরোপাহীন সময় দাঁড়াবে ২৮ বছরে, যা ব্রাজিলের ফুটবল ইতিহাসে সবচেয়ে দীর্ঘ অপেক্ষা হবে।

নরওয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন নেইমার। তখনও গোলশূন্য ছিল ম্যাচ। পুরো ম্যাচে খুব বেশি প্রভাব ফেলতে না পারলেও যোগ করা সময়ে পেনাল্টি নেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি।

স্পট কিক নেওয়ার আগে নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিয়ল্যান্ডের সঙ্গে তার কথার লড়াই ও মানসিক চাপ তৈরির চেষ্টা দেখা যায়। তবে সেই চাপ সামলে পেনাল্টি থেকে গোল করেন নেইমার।

গোল করার পর সরাসরি নিয়ল্যান্ডের দিকে দৌড়ে যান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। হাসিমুখে গোল উদযাপনের আগে গোলরক্ষকের উদ্দেশে কিছু বলতে দেখা যায় তাকে। সেই দৃশ্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তবে শেষ পর্যন্ত নেইমারের গোলও ব্রাজিলকে বাঁচাতে পারেনি। আর্লিং হলান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় সেলেসাওরা। আর সেই হারের পর নেইমারের 'সব শেষ' মন্তব্য জাতীয় দলের হয়ে তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে।