০৬ জুলাই ২০২৬, ০৯:০৩

শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়, আনচেলত্তির ভাগ্যে কি আছে

আনচেলত্তি  © টিডিসি ফটো

বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল। নরওয়ের বিপক্ষে হতাশাজনক হারের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, প্রধান কোচ কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ কী? তবে সব জল্পনার ইতি টেনে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়ে দিয়েছে, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের দায়িত্বেই থাকছেন ইতালিয়ান এই কোচ।

২০২৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় হলেও আনচেলত্তিকে নিয়ে নিজেদের পরিকল্পনায় কোনো পরিবর্তন আনছে না সিবিএফ। সংস্থাটির জাতীয় দলবিষয়ক নির্বাহী পরিচালক রদ্রিগো কায়েতানো নিশ্চিত করেছেন, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আনচেলত্তি।

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হারের পর কায়েতানো বলেন, এখন দলের সবচেয়ে বড় প্রয়োজন একটি স্বাভাবিক ও স্থিতিশীল চক্র ধরে রাখা এবং ধৈর্য নিয়ে সামনে এগিয়ে যাওয়া।

তিনি বলেন, 'এখন আমাদের দায়িত্ব হলো একটি স্বাভাবিক পরিবেশে নতুন চক্র শুরু করা। একটু ধৈর্য ধরে এগোতে হবে। মিস্টার (আনচেলত্তি) ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন এবং প্রয়োজনীয় পরিবর্তনগুলো করা হবে। আমরা চাই, যেন শান্তভাবে সামনে এগিয়ে যেতে পারি এবং পরবর্তী বিশ্বকাপের প্রস্তুতি নিতে পারি।'

বিশ্বকাপ থেকে বিদায়ের পর সংবাদ সম্মেলনে রদ্রিগো কায়েতানো স্বীকার করেন, এই হার পুরো দলের জন্য অত্যন্ত হতাশার। তবে গত কয়েক মাসে আনচেলত্তির নেতৃত্বে যে কাজ হয়েছে, সেটি সিবিএফের আস্থা আরও দৃঢ় করেছে বলেও জানান তিনি।

তিনি বলেন, 'স্বাভাবিকভাবেই আমরা এখনও এই ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছি। সবাই খুবই দুঃখিত, হতাশ এবং ভেঙে পড়েছে। খেলোয়াড়, স্টাফ, কোচিং স্টাফ—সবার অবস্থাই একই। কিন্তু এই কারণে আমরা গত কয়েক মাসে যে কাজ করেছি, সেটিকে অস্বীকার করতে পারি না। বিশেষ করে গত ৩৮ দিনে খেলোয়াড়দের যে প্রতিশ্রুতি, পেশাদারিত্ব এবং নিষ্ঠা আমরা দেখেছি, সেটি প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ছিল অসাধারণ। আপনারাও তা কাছ থেকে দেখেছেন।'

এদিকে নরওয়ের বিপক্ষে হারের পর কার্লো আনচেলত্তিও দাবি করেছেন, ম্যাচে জয়ের যোগ্য দল ছিল ব্রাজিল। একই সঙ্গে তিনি এটিকে একটি নতুন চক্রের সূচনা বলেও উল্লেখ করেছেন।

রদ্রিগো কায়েতানো বলেন, পুরো টুর্নামেন্টজুড়ে ব্রাজিল ধীরে ধীরে নিজেদের খেলায় উন্নতি করেছে। কিন্তু ঠিক যখন দলটি সবচেয়ে ভালো অবস্থায় পৌঁছেছিল, তখনই বিদায় নিতে হওয়ায় হতাশা আরও বেড়েছে।

তিনি বলেন, 'পুরো প্রতিযোগিতায় দল যেভাবে উন্নতি করেছে, আজও অনেক সময় আমরা ভালো ফুটবল খেলেছি। তাই এই বিদায় আরও বেশি কষ্ট দিচ্ছে। কারণ আমরা এমন একটি পর্যায়ে পৌঁছেছিলাম, যেখান থেকে সামনে এগিয়ে যাওয়ার সব সুযোগই ছিল। আমাদের লক্ষ্য সব সময়ই ফাইনালে ওঠা ছিল। যদিও পুরো বিশ্বকাপ চক্রটি আদর্শভাবে এগোয়নি, তবুও গত এক বছরে যে কাজ হয়েছে, তা আমাদের আশা জুগিয়েছিল।'

২০২৫ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেন কার্লো আনচেলত্তি। তার অধীনেই ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বের শেষ অংশ এবং ২০২৬ বিশ্বকাপে অংশ নেয়।