দ্বিতীয়ার্ধের শুরুতেই লাল কার্ড, ১০ জনের ইংল্যান্ডের সামনে কঠিন পরীক্ষা
দারুণ ফুটবল খেলে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে ছিল ইংল্যান্ড। তবে বিরতির পরপরই বদলে যায় ম্যাচের চিত্র। জ্যারেল কোয়ানসার সরাসরি লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় থ্রি লায়ন্স। ফলে শেষ ৩৫ মিনিট একজন কম নিয়ে লড়াই করে জয়ের লিড ধরে রাখার কঠিন পরীক্ষায় পড়ে ইংল্যান্ড।
মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতেই হেসুস গায়ার্দোকে বিপজ্জনকভাবে ফাউল করেন ইংল্যান্ডের ডিফেন্ডার জ্যারেল কোয়ানসা। রেফারি কোনো দ্বিধা না করে তাকে সরাসরি লাল কার্ড দেখান। মাঠ ছাড়তে বাধ্য হন ইংলিশ এই ডিফেন্ডার।
এই লাল কার্ডে ইংল্যান্ডের রাইট-ব্যাক পজিশনের সংকট আরও স্পষ্ট হয়ে ওঠে। ম্যাচের আগেই এই পজিশন নিয়ে দুশ্চিন্তায় ছিল থ্রি লায়ন্স। বিকল্পের অভাব, একের পর এক চোটের ধাক্কার সঙ্গে এবার যোগ হলো লাল কার্ডের শাস্তি।
ফলে শেষ ৩৫ মিনিট ১০ জনের দল নিয়েই মেক্সিকোর আক্রমণ সামাল দেওয়ার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে ইংল্যান্ড।
এর আগে আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ ছিল রোমাঞ্চে ভরপুর। আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ে বিরতিতে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ইংল্যান্ড।
ম্যাচের ৩৬ মিনিটে দুর্দান্ত এক পাল্টা আক্রমণ থেকে প্রথম গোলটি করেন জুড বেলিংহাম। পুরো আক্রমণের সূচনা করেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। ডেকলান রাইস বল এগিয়ে নিয়ে ডান প্রান্তে থাকা বুকায়ো সাকার কাছে পাস দেন। সাকার নিখুঁত ক্রস হ্যারি কেইনকে পেরিয়ে পৌঁছে যায় বেলিংহামের কাছে। ডাইভিং হেডে বল জালে জড়িয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন তিনি।
গোলের ধাক্কা সামলানোর আগেই আরও একবার আঘাত হানে ইংল্যান্ড। ৩৮ মিনিটে কিক-অফের পর মেক্সিকোর কাছ থেকে বল ছিনিয়ে নেন এলিয়ট অ্যান্ডারসন। এরপর হ্যারি কেইনের পাস থেকে ডান পায়ের জোরালো শটে নিজের দ্বিতীয় এবং দলের দ্বিতীয় গোল করেন বেলিংহাম।
তবে দুই গোল হজমের পর দ্রুত ম্যাচে ফেরে মেক্সিকো। ৪২ মিনিটে হুলিয়ান কিনিয়োনেস গোল করে ব্যবধান কমিয়ে ২-১ করেন। প্রথমার্ধের শেষদিকে আরও কয়েকবার সমতায় ফেরার সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোল আর পায়নি স্বাগতিকরা।
এর আগে বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে শুরু হয়। দিনভর ভারী বৃষ্টি ও বজ্রপাতের কারণে বাংলাদেশ সময় সকাল ৬টার পরিবর্তে ম্যাচটি শুরু হয় সকাল ৭টায়।
ফিফার নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইলের মধ্যে সর্বশেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট না পেরোনো পর্যন্ত খেলা শুরু করা যায় না। সেই নিয়ম মেনেই পিছিয়ে দেওয়া হয়েছিল ম্যাচের সূচি।