০৫ জুলাই ২০২৬, ২১:৪৮

বিশ্বকাপে শেষ আটের রাজা ব্রাজিল, শীর্ষ পাঁচে কারা?

ব্রাজিলের ফুটবল দল  © সংগৃহীত

দেখতে দেখতে প্রায় শেষের পথে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। গ্রুপ পর্ব, রাউন্ড অব ৩২-এর বাঁধা পেরিয়ে দলগুলোর চোখ এখন কোয়ার্টার ফাইনালে। শেষ ষোলোর জুজু কাটিয়ে ইতোমধ্যেই ফ্রান্স ও মরক্কো শেষ আটে উঠে আরেকবার নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিয়েছে। এ ছাড়া আগামী তিন দিনে মাঠে গড়াবে শেষ ষোলার আরও ৬টি ম্যাচ। ১২ দলের সেই লড়াই শেষ কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে আরও ৬টি দল। তবে এর আগেই আলোচনায় বিশ্বমঞ্চের শেষ আটে দলগুলোর আধিপত্য।

এই তালিকায় বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ধারাবাহিক দলগুলোর কথা উঠলে সবার আগেই আসে ব্রাজিলের নাম। কেবল শিরোপার দিক থেকেই নয়, বরং কোয়ার্টার ফাইনালে ওঠার ক্ষেত্রেও শীর্ষে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ ইতিহাসে রেকর্ড ১৯ বার শেষ আটে খেলেছে সেলেসাওরা। 

এই তালিকার অন্য দলগুলো ব্রাজিলের চেয়ে যোজন-যোজন পিছিয়ে। তালিকার দুইয়ে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এখন পর্যন্ত ১২ বার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল মেসি-এবি মার্টিনেজরা।

এরপর যৌথভাবে তৃতীয়স্থানে রয়েছে ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানি। চলমান বিশ্বকাপে প্যারাগুয়ে ১-০ গোল ব্যবধানে উড়িয়ে দশমবারের মতো বিশ্বমঞ্চের শেষ আটে খেলার জায়গা করেছে লা ব্লুজরা। অন্যদিকে পশ্চিম জার্মানির অর্জনসহ মোট ১০ বার কোয়ার্টারে খেলেছে এবারের আসরের অন্যতম অঘটনের শিকার জার্মানরা। তবে এবারের আসরে এখনও টিকে থাকায় ইংল্যান্ডের সামনে সুবর্ণ সুযোগ এই তালিকায় এককভাবে তৃতীয়স্থান নিজেদের দখলে নেওয়া।

এই তালিকায় চতুর্থস্থানে আছে নেদারল্যান্ডস, উরুগুয়ে, সুইডেন ও সাবেক যুগোস্লাভিয়া। প্রত্যেকটি দলই ৭ বার করে শেষ আটে খেলেছে। পাঁচে থাকা স্পেন ৬ বার বিশ্বমঞ্চের শেষ আটে নিজেদের চমক দেখিয়েছে। যদিও এবারও দেশটির সামনে আরেকবার কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ জিইয়ে আছে।

বিশ্বকাপে সবচেয়ে বেশি কোয়ার্টার ফাইনালে ওঠা দেশ

দেশ           কোয়ার্টার ফাইনাল
ব্রাজিল                        ১৯ 
আর্জেন্টিনা                 ১২ 
ফ্রান্স                          ১০
ইংল্যান্ড                      ১০ 
জার্মানি                      ১০ 
নেদারল্যান্ডস               ৭ 
উরুগুয়ে                      ৭ 
সুইডেন                       ৭ 
সাবেক যুগোস্লাভিয়া     ৭ 
স্পেন                         ৬