হালান্ডকে সামলাতে ডিফেন্ডারদের আলাদা কিছু শেখানোর প্রয়োজন নেই: আনচেলত্তি
বিশ্বকাপের শেষ ষোলোর রবিবার রাত ২টায় অনুষ্ঠেয় ম্যাচে নরওয়ের বিপক্ষে আর্লিং হালান্ডকে কীভাবে সামলাতে ব্রাজিলের ডিফেন্ডারদের আলাদা করে কিছু শেখানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
আনচেলত্তি বলেন, হালান্ড কীভাবে খেলে, সেটা সবাই জানে। আমার ডিফেন্ডারদের তাকে কীভাবে মোকাবিলা করতে হবে, তা আলাদা করে বোঝানোর কিছু নেই। তারা আগেও বহুবার তার বিপক্ষে খেলেছে। আমার মনে হয় না হালান্ডকে থামানোর বিশেষ কোনো পরিকল্পনা বলে কিছু আছে। আমার খেলোয়াড়দের কীভাবে রক্ষণ সামলাতে হবে, সেটা বলে দেওয়ার দরকার নেই।
টুর্নামেন্টে তিন ম্যাচে পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে থাকা হালান্ড এবার মুখোমুখি হবেন পরিচিত প্রতিপক্ষ গ্যাব্রিয়েল মাগালহায়েসের। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার এবং আর্সেনালের এই সেন্টার-ব্যাক নিউ জার্সিতে আবারও তাদের প্রিমিয়ার লিগের প্রতিদ্বন্দ্বিতা নতুন করে শুরু করবেন।
ব্রাজিলের আরেক সেন্টার-ব্যাক ও অধিনায়ক মারকুইনহোসও চ্যাম্পিয়ন্স লিগে একাধিকবার হালান্ডের মুখোমুখি হয়েছেন।
ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসও হালান্ডের সঙ্গে পরিচিত। নিউক্যাসল ইউনাইটেডে খেলার সময় নরওয়েজিয়ান তারকার বিপক্ষে খেলেছেন তিনি। আর তাই হালান্ডের কাছে বল পৌঁছানোর পথ বন্ধ করাই হবে গিমারায়েসের অন্যতম প্রধান দায়িত্ব।