০৫ জুলাই ২০২৬, ০৮:১২

কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে, ম্যাচ কখন

ফ্রান্সের গোল উদযাপন   © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালের সেই লড়াই এবার ফিরছে শেষ আটের মঞ্চে। প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে উঠে আগেই কোয়ার্টার নিশ্চিত করা মরক্কোর প্রতিপক্ষ হয়েছে ফ্রান্স।

বিশ্বকাপের নকআউট পর্বের সূচি আগেই নির্ধারিত থাকায় শেষ ষোলোর প্রথম ম্যাচে কানাডাকে বিদায় করার পর থেকেই মরক্কো জানত, কোয়ার্টার ফাইনালে তাদের খেলতে হবে ফ্রান্স কিংবা প্যারাগুয়ের বিপক্ষে। শেষ পর্যন্ত ফিলাডেলফিয়ায় প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ফ্রান্স।

৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়ের শক্ত রক্ষণভাগের বিপক্ষে গোলের সুযোগ তৈরি করতে বেশ বেগ পেতে হয় ফরাসিদের। ম্যাচের একমাত্র গোলটি আসে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকে।

৬১তম মিনিটে বদলি হিসেবে নামা দেজিরে দুয়ে দুর্দান্ত ড্রিবলিংয়ে প্যারাগুয়ের রক্ষণ ভেঙে বক্সে ঢুকে পড়লে দিয়েগো গোমেজ ট্যাকল করে তাকে ফেলে দেন। প্রথমে খেলা চালিয়ে যেতে বললেও পরে ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। 

স্পটকিক থেকে শান্তভাবে গোল করে চলতি বিশ্বকাপে নিজের সপ্তম এবং বিশ্বকাপ ক্যারিয়ারের ১৯তম গোল করেন এমবাপ্পে। এতে চলতি আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সাত গোল নিয়ে লিওনেল মেসির সমতায় পৌঁছেছেন তিনি। পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ২০ গোল করা মেসির থেকে এখন মাত্র এক গোল দূরে রয়েছেন ফরাসি অধিনায়ক।

অন্যদিকে, কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল মরক্কো। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর তিন গোল করে দাপুটে জয় তুলে নেয় আশরাফ হাকিমি-ব্রাহিম দিয়াজরা।

আগামী ৯ জুলাই দিবাগত রাত ২টায় ফক্সবোরোর বোস্টন স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। ম্যাচটি ফিরিয়ে আনছে ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালের স্মৃতি, যেখানে আফ্রিকার প্রথম দেশ হিসেবে শেষ চারে ওঠা মরক্কো ২-০ গোলে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ দেখেছিল।

এবারও ইতিহাস গড়ার সুযোগ রয়েছে অ্যাটলাস লায়নদের সামনে। টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পাশাপাশি আফ্রিকার একমাত্র দল হিসেবে বিশ্বকাপে চারটি নকআউট ম্যাচ জয়ের কীর্তিও ইতোমধ্যে গড়েছে তারা। মহাদেশটির অন্য কোনো দল এখনো দুটি নকআউট ম্যাচও জিততে পারেনি।

গ্রুপ পর্বেও দুর্দান্ত ছন্দে ছিল মরক্কো। দুই জয় ও এক ড্র নিয়ে নকআউটে ওঠে তারা। অন্যদিকে নিজেদের গ্রুপের তিনটি ম্যাচই জিতে শেষ ষোলো নিশ্চিত করেছিল ফ্রান্স। দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় কোয়ার্টার ফাইনালের এই লড়াইটি হতে যাচ্ছে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ।