০৫ জুলাই ২০২৬, ০৫:৪০

ব্রাজিল নরওয়ে ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার

ব্রাজিল-নরওয়ে ম্যাচ  © সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর লড়াইয়ে রোববার মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ম্যাচটিকে সামনে রেখে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার ২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে সম্ভাব্য ফলাফল প্রকাশ করেছে। সেই পূর্বাভাসে স্পষ্টভাবেই এগিয়ে রাখা হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।

অপ্টার তথ্য অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ। নরওয়ের জয়ের সম্ভাবনা ২২.৪ শতাংশ, আর ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ।

সব ধরনের সম্ভাবনা মিলিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনাও ব্রাজিলের পক্ষেই বেশি। সেলেসাওদের শেষ আটে ওঠার সম্ভাবনা ৬৫.৬ শতাংশ, যেখানে নরওয়ের সম্ভাবনা ৩৪.৫ শতাংশ। জয়ী দল কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।

ইতিহাসও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। বিশ্বকাপে নিজেদের সর্বশেষ ১০টি শেষ ষোলোর ম্যাচের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে ব্রাজিল। একমাত্র ব্যতিক্রম ১৯৯০ বিশ্বকাপ, যখন আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের।

অন্যদিকে নরওয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় পেয়েছে আগের ম্যাচে। আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলের জয়ে ৮৬তম মিনিটে জয়সূচক গোল করেন আর্লিং হলান্ড। এর আগে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের নকআউট পর্বে দুটি ম্যাচ খেললেও দুটিতেই ইতালির কাছে হেরেছিল নরওয়ে।

ব্রাজিলও শেষ ষোলো নিশ্চিত করেছে কঠিন এক লড়াইয়ের পর। জাপানের বিপক্ষে ২-১ গোলের জয়ে শেষ মুহূর্তে গোল করে নায়ক হন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। এর আগে কাসেমিরোর গোলে সমতায় ফিরেছিল সেলেসাওরা, জাপানের হয়ে প্রথম গোল করেছিলেন কাইশু সানো।