০৫ জুলাই ২০২৬, ০৩:২১

ব্রাজিল আগের মতো আর বড় ফেবারিট নয়, বলছে নরওয়ে

ব্রাজিল আগের মতো আর বড় ফেবারিট নয়, বলছে নরওয়ে  © সংগৃহীত

ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে বাস্তবতাটা ভালো করেই জানেন নরওয়ের কোচ স্টেল সোলবাকেন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে কাগজে-কলমে এই ম্যাচে স্পষ্ট ফেবারিট ব্রাজিলই। তবে অভিজ্ঞ এই কোচের বিশ্বাস, ফুটবল সব সময় কাগজের হিসাব মেনে চলে না। তার মতে, বড় দলের বিপক্ষে ভয় না পেয়ে আত্মবিশ্বাস নিয়েই খেলতে হবে।

নিউজার্সিতে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ লড়াইয়ে রবিবার বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ফেবারিট হিসেবে ব্রাজিলকে মানলেও তাদের বিপক্ষে মাঠে নামার আগে কোনো ধরনের ভয় কাজ করছে না বলেও স্পষ্ট করেছেন সোলবাকেন।

সংবাদ সম্মেলনে নরওয়ে কোচ বলেন, ‘ব্রাজিল এখনো ফেবারিট। আমি বলেছি, হয়তো তারা আগের মতো বড় ফেবারিট আর নয়। সম্ভাবনাকে শতকরা হিসাবে প্রকাশ করা কঠিন। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা ব্রাজিলকে হারাতে পারি। তবে সেটা করতে হলে মাঠে আমাদের শতভাগ উজাড় করে খেলতে হবে। ব্রাজিলকে হারানোর সুযোগ আমাদের অবশ্যই আছে।’

গ্রুপ পর্বে দারুণ ছন্দে থাকা নরওয়ে এবার বিশ্বকাপের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে। শেষ ষোলোর এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে তাদের সামনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর সেই পরীক্ষায় সবচেয়ে বড় হুমকি হিসেবে ব্রাজিলের আক্রমণভাগকেই দেখছেন স্টেল সোলবাকেন। কার্লো আনচেলত্তির দলকে নিয়ে আলাদা সতর্কতা রয়েছে নরওয়ে শিবিরে। তবে চ্যালেঞ্জটা যতই কঠিন হোক, নরওয়ে নিজেদের প্রস্তুত রাখছে বড় পরীক্ষার জন্য। আত্মবিশ্বাস ও শৃঙ্খলাকে পুঁজি করেই ব্রাজিলের শক্তিশালী আক্রমণ সামাল দেওয়ার পরিকল্পনা করছে তার।

স্টেল সোলবাকেনের ভাষ্য, ‘ব্রাজিলের আক্রমণভাগের তিন খেলোয়াড় যে ভিন্ন ভিন্ন সমন্বয় তৈরি করবে, আমরা সেটি কতটা সামলাতে পারি, তা দেখতে হবে। তারা চারজন আক্রমণভাগের খেলোয়াড় নিয়েও খেলতে পারে, যেমন জাপানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে খেলেছিল। তাদের সঙ্গে আমরা কতটা তাল মিলিয়ে চলতে পারি, সেটাই দেখতে হবে।’

এই ম্যাচের আরেকটি আলোচিত বিষয় আর্লিং হলান্ড ও গাব্রিয়েল মাগালাইসের দ্বৈরথ। তবে ব্যক্তিগত লড়াইয়ের চেয়ে দলগত লড়াইকেই বেশি গুরুত্ব দিচ্ছেন সোলবাকেন। তার মতে, ‘এই বিশ্বকাপে ব্রাজিলের রক্ষণজুটি অন্যতম শক্তিশালী। গাব্রিয়েল মাগালাইস ও মার্কিনিওস—দুজনই উঁচুমানের খেলোয়াড়। তবে এটি ব্রাজিল–নরওয়ে ম্যাচ। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিগত দ্বৈরথ হবে, কিন্তু আমার কাছে এটি শেষ পর্যন্ত ব্রাজিল বনাম নরওয়েরই লড়াই।’