০৪ জুলাই ২০২৬, ১৩:৫৭

কেপ ভার্দের বিপক্ষে মাথায় আঘাত পেয়েছেন মেসি

মেসির মাথায় আঘাত  © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশের নকআউট পর্বে কেপ ভার্দের খেলোয়াড়ের হাঁটুর জোরালো আঘাতে মাথায় গুরুতর চোট পেয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের ৪৮তম মিনিটে ১-১ সমতার সময় বক্সের সামনে প্রতিপক্ষের কড়া ট্যাকলে মাটিতে পড়ে যাওয়ার মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে। 

মাথায় এই চোটের স্পষ্ট দাগ নিয়েও পুরো ম্যাচজুড়ে আলবিসেলেস্তেদের আক্রমণের মূল ভরসা ছিলেন এই ফুটবল জাদুকর। তাঁর জাদুকরী নেতৃত্বেই কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ের পর আগামী মঙ্গলবার, ৭ জুলাই বাংলাদেশ সময় দুপুর ১টায় আটলান্টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

ম্যাচ শেষে জয় পেলেও নিজের দলের পারফরম্যান্স নিয়ে চরম আত্মসমালোচনা করেন মেসি। দলগত সমন্বয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমরা নিজেদের মধ্যে সমন্বয় হারিয়ে ফেলেছিলাম। ওদের সব সময় একজন খেলোয়াড় বেশি মনে হচ্ছিল, কারণ আমরা তাদের সঙ্গে তাল মেলাতে পারছিলাম না। বল তাদের কাছে না থাকলেও আমাদের দৌড় করিয়েছে, কারণ আমরা ঠিকভাবে চাপ সৃষ্টি করতে পারিনি।’

কেপ ভার্দেকে কঠিন প্রতিপক্ষ হিসেবে আগে থেকেই আর্জেন্টিনা বিবেচনায় রেখেছিল বলে জানান মেসি। প্রতিপক্ষের শক্তি নিয়ে তিনি বলেন, ‘আমরা জানতাম এটি খুব কঠিন একটি ম্যাচ হবে। এই দলটি এমনি এমনি স্পেন ও উরুগুয়ের কাছে হারেনি। সবচেয়ে কঠিন কাজটি আমরা করেছিলাম, প্রথম গোলটি পেয়েছিলাম। আমরা ভেবেছিলাম এরপর নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারব। কিন্তু হয়েছে ঠিক উল্টোটা। আমরা বলের নিয়ন্ত্রণ হারিয়েছি, পেছনে নেমে গিয়েছি এবং ঠিকভাবে চাপ সৃষ্টি করতে পারিনি।’

প্রতিপক্ষ নিজেদের শক্তির জায়গাগুলো দারুণভাবে কাজে লাগিয়েছে বলেও স্বীকার করেন আর্জেন্টিনা অধিনায়ক। মাঠের লড়াই নিয়ে মন্তব্য করতে গিয়ে মেসি বলেন, ‘ওরা নিজেদের শক্তির জায়গা কাজে লাগিয়েছে। আমরা জানতাম ম্যাচটি কঠিন হবে। এটি নকআউট পর্ব, এখানে কেউ কাউকে কিছু উপহার দেয় না। অনেক সময় আমরা শুধু নাম দেখে দলগুলোর মূল্যায়ন করি, কিন্তু জানতাম এই ম্যাচ মোটেও সহজ হবে না।’

বিশ্বকাপের প্রতিটি ম্যাচই যে অত্যন্ত কঠিন হবে, সেটিও আবার মনে করিয়ে দিয়েছেন মেসি। পরবর্তী রাউন্ডের প্রস্তুতি নিয়ে সবশেষে তিনি বলেন, ‘এই বিশ্বকাপ সেটাই দেখিয়ে দিচ্ছে। এখানে সব দলই খুব কাছাকাছি মানের, সব ম্যাচই খুব কঠিন। আজ আমরা ভালো খেলি বা খারাপ খেলি, অনেক পরিশ্রম করতে হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্রাম নেওয়া, সামনে কী আছে তা নিয়ে ভাবা, আজকের ম্যাচের ইতিবাচক দিকগুলো ধরে রাখা। ভালো কিছু অবশ্যই ছিল। একই সঙ্গে ভুলগুলোও শুধরে নিতে হবে, কারণ আজ এমন ভুলও অনেক ছিল।’