০৪ জুলাই ২০২৬, ১২:৪৬

হাসিমুখে কেপ ভার্দে ফুটবলারদের আবদার মেটালেন মেসি, করলেন রসিকতাও

মেসি সঙ্গে ছবি তুলছেন কেপ ভার্দে ফুটবলাররা   © সংগৃহীত

মাঠে ১২০ মিনিট ধরে চলল রক্তক্ষয়ী লড়াই। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে প্রায় হারের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল পশ্চিম আফ্রিকার লড়াকু দল কেপ ভার্দে। অথচ সেই ম্যাচ শেষের বাঁশি বাজতেই মাঠের চেনা শত্রুতা রূপ নিল চরম সৌহার্দ্যে; খোদ প্রতিপক্ষের ফুটবলাররাই বনে গেলেন লিওনেল মেসির অন্ধ ভক্ত।

মিয়ামিতে বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের কষ্টার্জিত জয়ের পর মিক্সড জোনে এক চমৎকার উদারতা দেখালেন এই আর্জেন্টাইন মহাতারকা। ছবি তোলার জন্য প্রতিপক্ষ খেলোয়াড়দের দীর্ঘ লাইন সামলে সবার আবদার যেমন হাসিমুখে মেটালেন, তেমনি খোশমেজাজে থাকা এই ফুটবল জাদুকর লকার রুমে ফেরার পথে এক চিলতে রসিকতা করতেও ভুললেন না।

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশের এই রুদ্ধশ্বাস ম্যাচের পর সাংবাদিক ও খেলোয়াড়দের মুখোমুখি হওয়ার জায়গায় রোজারিওর এই মহাতারকাকে ঘিরে ধরেন কেপ ভার্দের ফুটবলাররা। বেশ কয়েকজন আফ্রিকান খেলোয়াড় তাঁর জন্য অপেক্ষা করছিলেন একটি স্মারক ছবি ও জার্সির জন্য। আর্জেন্টিনার এই প্রাণভ্রমরাও হাসিমুখে সবার আবদার মেটান। তবে সেই আবদার মেটানোর মাঝেই ১০ নম্বর জার্সিধারী মেসি মজা করে বলেন, 'ওরা আমার কাছে জার্সি থেকে শুরু করে সবকিছুই চাচ্ছিল... অথচ মাঠের ভেতরে আমাকে লাথি মেরে উড়িয়ে দেয়, হা হা।'

কাগজে-কলমে দুই দলের ব্যবধানটা ছিল আকাশ-পাতাল। কেপ ভার্দের খেলোয়াড়রা যেখানে রাশিয়া, আয়ারল্যান্ড কিংবা পর্তুগালের দ্বিতীয় বিভাগের লিগে খেলেন, সেখানে তাদের প্রতিপক্ষ ছিল বিশ্বসেরা আর্জেন্টিনা। তবে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে মাঠের লড়াইয়ে তার কোনো প্রভাব ছিল না। কিন্তু ম্যাচ শেষ হতেই দৃশ্যপট বদলে যায় এবং কেপ ভার্দের কয়েকজন বিশ্বকাপ হিরো সুযোগ হাতছাড়া না করে মেসির সাথে একটি স্মৃতিস্মারক ছবির জন্য লাইনে দাঁড়িয়ে যান, যা সুপারস্টার মেসি মুচকি হেসে পূরণ করেন। শুধু এই ছবিগুলোর জন্যই নয়, আফ্রিকার এই দেশটির ফুটবলাররা সম্ভবত এই রাতটি সারাজীবন মনে রাখবেন।

এই ম্যাচেও মেসি মাঠের ভেতরে আর্জেন্টিনা দলের সেরা পারফর্মার ছিলেন। দলের হয়ে প্রথম গোলটি করে বিশ্বকাপে নিজের ২০তম গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। এছাড়া লিসান্দ্রো মার্তিনেসের গোল এবং দিনেই-এর আত্মঘাতী গোলের পাসটিও এসেছিল তাঁর পা থেকেই, যার সুবাদে শেষ পর্যন্ত স্বস্তির জয় পায় আলবিসেলেস্তেরা।

ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স ও দলের রণকৌশল নিয়ে মেসি বলেন, 'এই দলটা অনেক দিন ধরেই দেখিয়ে আসছে যে তারা লড়াই করতে জানে এবং শেষ পর্যন্ত লড়ে যাবে। আজকে সেট-পিস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ বেশ কিছুদিন ধরে আমরা এভাবে গোল পাচ্ছিলাম না। এই ধরনের ম্যাচে এটা খুব কাজে দেয়। আমাদের দলে ভালো হেডার আছে, যারা উঁচুতে বলের দখল নিতে পারে। আজ আমরা সেটার সুবিধা নিতে পেরেছি এবং সামনেও এটা গুরুত্বপূর্ণ হবে। আমরা আক্রমণ ও রক্ষণ—উভয় ক্ষেত্রেই সেট-পিস নিয়ে অনেক দিন ধরে কাজ করছি।'

তবে জয়ের আনন্দের মাঝেও এই তারকা ফুটবলার কিছুটা আত্ম সমালোচনা করেছেন। কেপ ভার্দে যে কঠিন প্রতিপক্ষ হবে, তা তাঁরা আগে থেকেই জানতেন উল্লেখ করে মেসি বলেন, 'এমনি এমনি তো আর এই দলটি স্পেন আর উরুগুয়ের সাথে হারেনি। আমরা ম্যাচের সবচেয়ে কঠিন কাজটা করে ফেলেছিলাম—প্রথম গোলটা পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম এরপর আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারব। কিন্তু হলো উল্টোটা। আমরা বলের নিয়ন্ত্রণ হারালাম, পেছনে গুটিয়ে গেলাম এবং ঠিকঠাক চাপ সৃষ্টি করতে পারলাম না।'

লিওনেল স্কালোনির দল এই ম্যাচে বেশ ভুগলেও শেষ পর্যন্ত শেষ ১৬ নিশ্চিত করতে পেরেছে। আগামী মঙ্গলবার, ৭ জুলাই, বাংলাদেশ সময় রাত ১১টায় আটলান্টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা, যারা অন্য ম্যাচে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পা রেখেছে।