ভূমিকম্পে সর্বস্ব হারানো আন্দ্রেসের স্বপ্ন পূরণ করলেন রোনালদো
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে পা হারিয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা ছোট্ট ফুটবলভক্ত আন্দ্রেস মিয়েলেসের মুখে হাসি ফুটিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝেও জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়তে থাকা এই শিশুর ছোট্ট একটি ইচ্ছাই পূরণ করেছেন পর্তুগিজ মহাতারকা।
গত ২৪ জুন ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই দুর্যোগে আন্দ্রেস তার পরিবার ও নিজের একটি পা হারান। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এমন কঠিন পরিস্থিতিতেও আন্দ্রেসের একমাত্র চাওয়া ছিল প্রিয় তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর একটি স্টিকার। সে সেই স্টিকার বিশ্বকাপ অ্যালবামে রাখতে চেয়েছিল। শিশুটির এই ইচ্ছার কথা বিভিন্ন মাধ্যমে পৌঁছে যায় রোনালদোর কাছে।
শিশুটির স্বপ্ন পূরণ করতে দেরি করেননি পর্তুগিজ কিংবদন্তি। তিনি আন্দ্রেসের জন্য একটি ভিডিও বার্তা পাঠান এবং তার সঙ্গে নিজের সই করা একটি জার্সিও উপহার হিসেবে পাঠান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাংবাদিক গ্যাবি আরোচা নিশ্চিত করেন, রোনালদোর পাঠানো স্টিকার এবং জার্সি ইতিমধ্যেই আন্দ্রেসের হাতে পৌঁছে গেছে।
ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘হ্যালো আন্দ্রেস, তুমি কেমন আছো? তোমাকে ভালোবাসা পাঠানোর জন্যই ভিডিওটি করেছি। জানি, তুমি আমার খুব বড় ভক্ত। দ্রুত সুস্থ হয়ে ওঠো। আমি চাই তুমি আমার একটা ম্যাচ দেখতে আসো। একসঙ্গে উপভোগ করব। তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় রইলাম। সাহস রেখো বন্ধু।’
রোনালদোর এমন মানবিক উদ্যোগে এখন প্রশংসায় ভাসছেন তিনি। শুধু মাঠের পারফরম্যান্স নয়, মানবিক দিক থেকেও বারবার আলোচনায় আসেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। আন্দ্রেসের পাশে দাঁড়িয়ে তিনি আবারও প্রমাণ করলেন, ফুটবল কেবল খেলা নয়, অনেক সময় তা হয়ে ওঠে আশা ও মানবতার গল্পও।