একাদশে পাকেতার বদলি হিসেবে আলোচনায় তারকা ৩ ফুটবলার
লুকাস পাকেতাকে ছাড়াই বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে হচ্ছে ব্রাজিলকে। তাই নরওয়ের বিপক্ষে তার শূন্যস্থান কে পূরণ করবেন, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কোচ কার্লো আনচেলত্তি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ায় গ্যাব্রিয়েল মার্তিনেলি, দানিলো সান্তোস ও ইগর থিয়াগো—এই তিন ফুটবলারের নামই ঘুরে বেড়াচ্ছে সম্ভাব্য বিকল্প হিসেবে।
আগামী রবিবার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচের আগে নিউ জার্সিতে অনুশীলনে একাধিক কৌশল পরীক্ষা করে দেখেছেন আনচেলত্তি। তবে শেষ মুহূর্ত পর্যন্ত একাদশ নিয়ে রহস্য বজায় রেখেছেন ইতালিয়ান এই কোচ।
শুক্রবারের অনুশীলনে গ্যাব্রিয়েল মার্তিনেলিকে মূল দলের সঙ্গে খেলিয়ে দেখেন আনচেলত্তি। এর এক দিন আগে বৃহস্পতিবার একই জায়গায় সুযোগ দেওয়া হয়েছিল দানিলো সান্তোসকে। ফলে পাকেতার জায়গায় শেষ পর্যন্ত কে খেলবেন, সেটি এখনো নিশ্চিত নয়।
জাপানের বিপক্ষে ব্রাজিলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মার্তিনেলি শুক্রবারের অনুশীলনে মূল দলের হয়ে সবচেয়ে বেশি সময় খেলেছেন। দলের অভ্যন্তরীণ আলোচনায় তাকেই পাকেতার সবচেয়ে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই পরিকল্পনায় আর্সেনালের এই ফরোয়ার্ড কিছুটা ভেতরের দিকে খেলবেন এবং স্ট্রাইকার মাতেউস কুনিয়ার ঠিক পেছনে আক্রমণাত্মক মিডফিল্ডারের দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, দানিলো সান্তোসকে খেলালে মাঝমাঠে তিনজনের কাঠামো অক্ষুণ্ন থাকবে। বৃহস্পতিবারের অনুশীলনে এই ছকই সবচেয়ে বেশি সময় ব্যবহার করেছেন আনচেলত্তি। প্রয়োজন অনুযায়ী এই কৌশলে দল ৪-৪-২ ফরমেশনেও রূপ নিতে পারবে। তখন মাতেউস কুনিয়া কিছুটা নিচে নেমে খেলবেন, আর ভিনিসিয়ুস জুনিয়র ও রায়ান প্রতিপক্ষের বক্সে আরও বেশি আক্রমণে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
শুধু এই দুই ফুটবলারই নন, বৃহস্পতিবারের অনুশীলনের একপর্যায়ে স্ট্রাইকার হিসেবে ইগর থিয়াগোকেও খেলিয়ে দেখেন আনচেলত্তি। সে সময় মাতেউস কুনিয়াকে মাঝমাঠে নামিয়ে আনা হয়। এই কৌশলটি অনেকটা জাপানের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিল যে ছকে খেলেছিল, তারই পুনরাবৃত্তি।
তবে আনচেলত্তি এখনো নিজের পরিকল্পনা প্রকাশ করেননি। সংবাদমাধ্যমের পাশাপাশি খেলোয়াড়দের কাছেও সম্ভাব্য একাদশ সম্পর্কে কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি তিনি। ফলে নরওয়ের বিপক্ষে শুরু থেকেই কারা মাঠে নামবেন, সেটি শেষ অনুশীলনের পরই নিশ্চিত হবে।
শনিবার ব্রাজিল সময় দুপুরে নিউ জার্সির কলাম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারে শেষ অনুশীলন করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপরই নরওয়ের বিপক্ষে ম্যাচের জন্য চূড়ান্ত একাদশ নির্ধারণ করবেন আনচেলত্তি।
বিশ্বকাপের শেষ ষোলোর এই লড়াই অনুষ্ঠিত হবে আগামী রবিবার নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে। ম্যাচটি ব্রাজিল সময় বিকেল ৫টায় শুরু হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার আশঙ্কায় সময় পরিবর্তনের বিষয়টি বিবেচনা করছে ফিফা।