ঢেলে সাজানো হচ্ছে আর্জেন্টিনা ফুটবল
২০২৬ বিশ্বকাপে পরীক্ষিত নতুন ফুটবল আইন এবার আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলেও। খেলার গতি বাড়ানো, অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ কমানো এবং রেফারিংকে আরও কার্যকর করতে একগুচ্ছ নতুন নিয়ম চালু করতে যাচ্ছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) অনুমোদিত ২০২৬-২৭ মৌসুমের নিয়ম ইতোমধ্যে গ্রহণ করেছে সংস্থাটি। আগামী মৌসুমের শুরু থেকেই ধাপে ধাপে আর্জেন্টিনার সব স্তরের ফুটবলে কার্যকর হবে এসব পরিবর্তন।
নতুন নিয়মগুলোর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে থ্রো-ইন ও গোলকিকে সময়ক্ষেপণ ঠেকাতে। কোনো খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করলে রেফারি পাঁচ সেকেন্ডের গণনা শুরু করবেন। নির্ধারিত সময়ের মধ্যে থ্রো-ইন না নিলে বলের দখল চলে যাবে প্রতিপক্ষের কাছে। আর গোলকিক নিতে দেরি করলে প্রতিপক্ষকে কর্নারের সুযোগ দেওয়া হবে।
বদলি খেলোয়াড় নামানোর নিয়মেও এসেছে বড় পরিবর্তন। রেফারি বদলির অনুমতি দেওয়ার পর মাঠ থেকে বেরিয়ে যাওয়া খেলোয়াড়কে ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। তিনি নির্ধারিত সময়ের বেশি নিলে মাঠ ছাড়তে পারবেন ঠিকই, তবে তার বদলি খেলোয়াড় সঙ্গে সঙ্গে মাঠে নামতে পারবেন না। খেলা আবার বন্ধ হওয়ার পর এবং অন্তত এক মিনিট সময় পার হলে তবেই বদলি খেলোয়াড় মাঠে প্রবেশ করতে পারবেন।
চোটের অজুহাতে অপ্রয়োজনীয়ভাবে খেলা বন্ধ হওয়ার ঘটনা কমাতেও নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ভিডিও সহকারী রেফারি (ভিএআর) ব্যবহারের ক্ষেত্রও আরও বিস্তৃত করা হয়েছে। এখন স্পষ্টভাবে ভুল দ্বিতীয় হলুদ কার্ড, ভুল খেলোয়াড়কে শাস্তি দেওয়া এবং কিছু ভুল কর্নারের সিদ্ধান্তও ভিএআরের মাধ্যমে পর্যালোচনা করা যাবে।
এ ছাড়া নিরাপদভাবে ঢাকা থাকে এমন আনুষঙ্গিক সরঞ্জাম ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ভুলভাবে খেলা পুনরায় শুরু হলেও প্রয়োজন হলে রেফারি অ্যাডভান্টেজের নিয়ম প্রয়োগ করতে পারবেন।
অখেলোয়াড়সুলভ আচরণ নিরুৎসাহিত করতেও নতুন সিদ্ধান্ত নিয়েছে আইএফএবি। এখন প্রতিপক্ষের সঙ্গে তর্ক করার সময় মুখ ঢেকে কথা বললে শাস্তির আওতায় পড়তে হবে। আর্জেন্টিনায় এই নিয়মটি ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে ‘প্রেস্তিয়ান্নি আইন’ নামে পরিচিতি পেয়েছে।
শুক্রবার প্রকাশিত এএফএর বুলেটিন নম্বর ৬৯১৪ অনুযায়ী, আর্জেন্টিনার প্রথম বিভাগে আগামী ২৩ জুলাই শুরু হওয়া সপ্তাহের প্রথম রাউন্ড থেকেই নতুন নিয়ম কার্যকর হবে। প্রিমেরা নাসিওনাল, প্রিমেরা বি, প্রিমেরা সি, প্রোমোসিওনাল অ্যামেচার, রিজার্ভ, যুব ও শিশু বিভাগ এবং নারী ফুটবলে ৩০ জুলাই শুরু হওয়া সপ্তাহ থেকে নিয়মগুলো চালু হবে। ওই সময়ের পর অনুষ্ঠিত সব স্থগিত ম্যাচেও নতুন নিয়ম কার্যকর থাকবে।
নতুন নিয়ম কার্যকরের আগে খেলোয়াড় ও কোচদের প্রস্তুত করতে ১৩ ও ১৪ জুলাই অধিনায়ক ও প্রধান কোচদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে এএফএর জাতীয় রেফারিং বিভাগ। সেখানে নতুন নিয়মগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হবে, যাতে প্রতিযোগিতা শুরুর আগেই সংশ্লিষ্ট সবাই নতুন বিধান সম্পর্কে পরিষ্কার ধারণা পান।