০৪ জুলাই ২০২৬, ০৪:১৬

বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির

লিওনেল মেসি   © সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে আরও একটি অনন্য কীর্তি গড়লেন লিওনেল মেসি। কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে মাঠে নেমেই পুরুষদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ৩০টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুর একাদশে ফিরেছেন মেসি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রামে থাকলেও নকআউট পর্বে তাকে আবারও শুরু থেকেই খেলিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। আক্রমণভাগে মেসির সঙ্গী হয়েছেন লাউতারো মার্তিনেজ, আর হুলিয়ান আলভারেসকে রাখা হয়েছে বদলি বেঞ্চে।

ম্যাচটি স্কালোনির জন্যও ছিল বিশেষ এক উপলক্ষ। ২০১৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর জাতীয় দলের কোচ হিসেবে এটি তার ১০০তম ম্যাচ। তার অধীনেই কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছে আর্জেন্টিনা, ফিরেছে আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ আসনে।