০৩ জুলাই ২০২৬, ২২:৫৭

আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ দিলেন ঘানার তান্ত্রিক

ঘানার তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম  © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২ বা শেষ বত্রিশের লড়াই এখন চূড়ান্ত রূপ নিচ্ছে। বিশ্বমঞ্চের এই নকআউট পর্বের মহাগরম পরিস্থিতির মধ্যেই জোরেশোরে চলছে সম্ভাব্য শিরোপাজয়ীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ। বরাবরের মতোই ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই লাতিন পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। কিন্তু এর মাঝেই আর্জেন্টিনা সমর্থকদের জন্য আকাশ ভেঙে পড়ার মতো এক মহাদুঃসংবাদ সামনে এসেছে।

শেষ ৩২ এর ম্যাচ থেকেই নাকি বিদায়ঘণ্টা বেজে যাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার! মেসি-মার্টিনেজদের বিদায় নিয়ে এমনই এক বিস্ফোরক ভবিষ্যদ্বাণী করে ফুটবল দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছেন ঘানার এক তান্ত্রিক।

বিশ্বকাপ এলেই বিভিন্ন জ্যোতিষী, অ্যানালিস্ট কিংবা সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী আলোচনার জন্ম দেয়। তবে এবার সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ঘানার সেই আলোচিত তান্ত্রিক— নানা কিয়াঙ্কু বোন্সাম। গ্রুপ পর্বে ইংল্যান্ড ও ঘানার ম্যাচ দিয়ে প্রথম লাইমলাইটে আসেন তিনি। নিজের দলকে জেতাতে ম্যাচ চলাকালীন গ্যালারিতে অদ্ভুতভাবে সাদা পাউডার ছিটিয়ে বিশ্বজুড়ে ভাইরাল হন এই তান্ত্রিক।

সেই বোন্সাম এবার সরাসরি নিশানা করেছেন আর্জেন্টিনাকে। ব্রিটিশ গণমাধ্যম ‘ডেইলি স্টার’-এর দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, শেষ ৩২ এর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেবে আফ্রিকার পুঁচকে দেশ কেপ ভার্দে। বিশ্বকাপে তার করা আগের ভবিষ্যদ্বাণী ফলে যাওয়ার রেকর্ড থাকায়, স্বাভাবিকভাবেই আকাশী-সাদা ভক্তকুলের মনে জেঁকে বসেছে এক অদ্ভুত আতঙ্ক।

ঘানার এই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণীকে ফুটবল ভক্তরা হেলাফেলা করতে পারছেন না তার অতীতের একটি কাকতালীয় রেকর্ডের কারণে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে বোন্সাম দাবি করেছিলেন, ইংলিশ অধিনায়ক ও তারকা স্ট্রাইকার হ্যারি কেনের ওপর তিনি এমন এক বিশেষ ‘কালো জাদুর’ অভিশাপ দিয়েছেন, যার কারণে কেন সেই ম্যাচে কোনোভাবেই গোল করতে পারবেন না। অবিশ্বাস্য শোনালেও সত্যি, ম্যাচটিতে হ্যারি কেন গোল করা তো দূরের কথা, প্রথমার্ধে লক্ষ্যে একটি শটও নিতে পারেনি ইংল্যান্ড এবং ম্যাচটি ড্র হয়।

এবার আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ নিয়ে বোন্সামের স্পষ্ট হুঁশিয়ারি— ‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’ তবে মেসিদের থামাতে তিনি নতুন কোনো কালো জাদু বা অভিশাপ ব্যবহার করবেন কি না, তা খোলসা করেননি।

আগামীকাল ৪ জুলাই মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কেপ ভার্দে। আপাতদৃষ্টিতে ম্যাচটি সহজ মনে হলেও, নবাগত কেপ ভার্দে ইতোমধ্যেই তাদের ইস্পাতকঠিন রক্ষণভাগ ও গোলকিপার ভোজিনহার অতিমানবীয় কিপিং দিয়ে সবাইকে চমকে দিয়েছে। গ্রুপ পর্বে স্পেন ও সৌদি আরবের মতো পরাশক্তিকে গোলশূন্য ড্রয়ে রুখে দেওয়া এবং শক্তিশালী উরুগুয়ের সাথে ২-২ গোলে ড্র করে ৩ পয়েন্ট নিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে তারা।

এখন দেখার বিষয়, গোলপোস্টের নিচে কেপ ভার্দের অতন্দ্র প্রহরী ভোজিনহার হাত আর ঘানার তান্ত্রিকের রহস্যময় ভবিষ্যদ্বাণী মিলে সত্যিই মেসিদের জয়রথ থামিয়ে দিতে পারে, নাকি সব জাদুটোনা উড়িয়ে দিয়ে শেষ ১৬-র টিকিট কাটবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা!