বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে অবসরের ঘোষণা অধিনায়কের
অবসর ঘোষণার মাধ্যমে ১২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন আলজেরিয়া অধিনায়ক রিয়াদ মাহরেজ। সুইজারল্যান্ডের কাছে শেষ ৩২-এর লড়াইয়ে ২-০ গোলে হেরে ২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আলজেরিয়া। বিশ্বকাপ থেকে দলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকেও অবসরের ঘোষণা দেন তিনি।
আজ শুক্রবার (৩ জুলাই) সকালে টরন্টোতে শেষ ৩২-এর ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হয় আলজেরিয়া। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে ৩৫ বছর বয়সি মাহরেজ বলেন, ‘আলজেরিয়ার হয়ে এটাই আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ’।
মাহরেজ বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল পরের রাউন্ডে জায়গা করে নেওয়া। আমার মনে হয়, ম্যাচে আমাদের ভালো সুযোগ ছিল। কিন্তু আমরা নিজেদের ভুলে দুটি গোল হজম করেছি। এই পর্যায়ে এমন ভুলের মূল্য খুব চড়া।’
২০১৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে আলজেরিয়ার হয়ে ১২০টি ম্যাচ খেলে ৪০টি গোল করেছেন মাহরেজ। চলতি বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে জোড়া গোল করেন তিনি।
২০১৯ আফ্রিকা কাপ অব নেশনসে আলজেরিয়াকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাহরেজ। আসরে নাইজেরিয়ার বিপক্ষে সেমিফাইনালে শেষ মুহূর্তে দুর্দান্ত ফ্রি-কিকে গোলে দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। ১৯৯০ সালের পর দ্বিতীয়বারের মতো আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জেতে আলজেরিয়া। দেশের অন্যতম সফল অধিনায়ক হিসেবেও নিজেকে সেরার কাতারে রেখেছেন তিনি।
এবারের টুর্নামেন্টে সেনেগালের ইদ্রিসা গেইয়ের পর দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ আফ্রিকান খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের কোনো নকআউট ম্যাচে শুরুর একাদশে খেলার নজির গড়েন মাহরেজ।
১৯৯১ সালে ফ্রান্সে জন্ম নেন মাহরেজ। ২০১৩ সালে আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন এবং ২০১৪ বিশ্বকাপের আগেই জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। পরবর্তীতে দেশের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন মাহরেজ।