নকআউট পর্বে বিদায়, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রিয়াদ মাহরেজ
২০২৬ ফিফা বিশ্বকাপে আলজেরিয়ার স্বপ্ন থেমে গেল শেষ ৩২-এ। সুইজারল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দলের অধিনায়ক রিয়াদ মাহরেজ। দীর্ঘ ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে তিনি জানিয়েছেন, আলজেরিয়ার জার্সিতে এটিই ছিল তার শেষ ম্যাচ।
শুক্রবার (৩ জুলাই) টরন্টোতে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হারে আলজেরিয়া। ম্যাচ শেষে সম্প্রচারমাধ্যম বিন স্পোর্টসকে নিজের অবসরের সিদ্ধান্ত জানান মাহরেজ।
তিনি বলেন, 'দেশের হয়ে এটাই ছিল আমার শেষ ম্যাচ।'
২০১৪ সালে জাতীয় দলে অভিষেক হওয়ার পর এক যুগ ধরে আলজেরিয়ার অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার ছিলেন মাহরেজ। এই সময়ে তিনি জাতীয় দলের হয়ে ১১৯টি ম্যাচ খেলেছেন। করেছেন ৪০টি গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪৫টি গোল।
চলতি বিশ্বকাপেও দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন এই উইঙ্গার। গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। সেই ম্যাচে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত তৃতীয় মিনিটে গোল করে আলজেরিয়াকে জয়ের খুব কাছাকাছি নিয়ে গিয়েছিলেন মাহরেজ। তবে শেষ মুহূর্তে অস্ট্রিয়ার ফরোয়ার্ড সাশা কালাইদজিচ গোল করলে ম্যাচটি ৩-৩ সমতায় শেষ হয়।
গ্রুপ পর্বে সেই ড্রয়ের কারণে 'জে' গ্রুপে তৃতীয় স্থান নিয়েই শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করেছিল আলজেরিয়া। কিন্তু নকআউট পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে আর লড়াই ধরে রাখতে পারেনি আফ্রিকার দলটি।
টরন্টোর ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় সুইজারল্যান্ড। ১০ মিনিটে ব্রিল এমবলো গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডান এনদোয়ে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি আলজেরিয়া।
২-০ গোলের এই জয়ে সুইজারল্যান্ড শুধু শেষ ষোলোয়ই ওঠেনি, একই সঙ্গে বিশ্বকাপের নকআউট পর্বে দীর্ঘ ৭২ বছরের অপেক্ষারও অবসান ঘটিয়েছে। সর্বশেষ ১৯৫৪ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল সুইসরা। এবার সেই ইতিহাস পুনরাবৃত্তির লক্ষ্যে শেষ ষোলোয় মাঠে নামবে ইউরোপের দলটি।
অন্যদিকে, বিশ্বকাপ থেকে বিদায়ের সঙ্গে শেষ হলো আলজেরিয়ার হয়ে রিয়াদ মাহরেজের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারও। দেশের জার্সিতে এক যুগের পথচলার পর বিদায় জানিয়ে শেষ করলেন আফ্রিকার অন্যতম সফল এই ফুটবলার।