০৩ জুলাই ২০২৬, ১১:৪৯
বিশ্বকাপ ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন নাগেলসমান
২০২৬ ফিফা বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ ছাড়লেন জুলিয়ান নাগেলসমান। এ তথ্য নিশ্চিত করেছেন ইতালীয়ান জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফাব্রিৎসিয়ো রোমানো।
বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নাগেলসমানের উত্তরসূরি হিসেবে জার্মানির সাবেক তারকা কোচ ইয়ুর্গেন ক্লপকে প্রধান প্রার্থী হিসেবে ধরা হচ্ছে। জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) তার সঙ্গে যোগাযোগের প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।
নাগেলসমানের অধীনে বিশ্বকাপে বড় প্রত্যাশা নিয়ে খেলতে নেমেছিল জার্মানি। তবে নকআউট পর্বে হতাশাজনক পারফরম্যান্সে বিদায় নেওয়ার পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়েই দায়িত্ব ছাড়তে হলো ৩৯ বছর বয়সী এই কোচকে।