দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
অস্ট্রিয়ার বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে ‘স্টেটমেন্ট উইন’ পেল স্পেন। নকআউট ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়ে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি লা রোহারা। এতে নকআউট পর্বের শেষ ষোলোও নিশ্চিত করেছে স্পেন।
লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচে রালফ রাংনিকের দলকে ৩-০ গোলে হারায় লা রোহারা। স্পেনের হয়ে জোড়া গোল করেন মিকেল ওইয়ারসাবাল। একটি গোল করেন পেদ্রো পোরো।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল স্পেনের। লামিনে ইয়ামাল, দানি ওলমো, পেদ্রি ও আলেক্স বায়েনার সমন্বিত আক্রমণে বারবার চাপে পড়ে অস্ট্রিয়ার রক্ষণভাগ, শেষ পর্যন্ত যা সামাল দিতে পারেনি তারা।
প্রথমার্ধেই কয়েকবার গোলের খুব কাছাকাছি পৌঁছে যায় স্পেন। ২৯তম মিনিটে কর্নার থেকে কুকুরেয়ার একটি গোল বাতিল হয় রেফারির বিতর্কিত সিদ্ধান্তে, যেখানে গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগারের সঙ্গে হালকা সংঘর্ষকে ফাউল ধরা হয়, যা নিয়ে চলছে তীব্র বিতর্ক।
এরপর ভাগ্য যেন আরও একবার স্পেনের সামনে দেয়াল তুলে দাঁড়ায়। আলেক্স বায়েনার ২৫ গজ দূর থেকে নেওয়া অসাধারণ ফ্রি-কিক জোরে আঘাত করে ক্রসবারে, ফিরতি বল পেয়ে লামিনে ইয়ামাল প্রায় নিশ্চিত গোলের সুযোগ পান, কিন্তু অসাধারণ রিফ্লেক্সে তা ঠেকিয়ে দেন শ্লাগার।
অবশেষে ৩৬তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্পেন। বাঁ দিক থেকে মার্ক কুকুরেয়ার নিখুঁত পাসে বক্সে ফাঁক গড়ে ঠান্ডা মাথায় ফিনিশ করেন মিকেল ওইয়ারসাবাল। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় লা রোজারা।
গোলের পর প্রথমার্ধের বাকি সময়েও আক্রমণের ধার বজায় রাখে স্পেন। একের পর এক সুযোগ তৈরি করলেও অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগারের দৃঢ়তা এবং কিছু ক্ষেত্রে ভাগ্যের সহায়তায় ব্যবধান আর বাড়াতে পারেনি তারা। সব মিলিয়ে প্রথমার্ধে এগিয়ে থাকলেও আরও বড় লিড নেওয়ার সুযোগ হাতছাড়া করে স্পেন।
বিরতি থেকে ফিরে পিছিয়ে থাকা অস্ট্রিয়া আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলেও স্পেনের নিয়ন্ত্রিত ও সংগঠিত ফুটবলের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। ৬১তম মিনিটে বদলি হিসেবে নামা সাসা কালাইজিচের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সমতায় ফেরার গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হয় অস্ট্রিয়ার।
অন্যদিকে আক্রমণের গতি কমায়নি স্পেনও। ৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। বাঁ প্রান্ত থেকে আলেক্স বায়েনার নিখুঁত ক্রসে দুর্দান্ত এক হেডে বল জালে পাঠান এই ডিফেন্ডার। স্পেন জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার প্রথম গোল।
দুই গোলের লিড পাওয়ার পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে যায় লা রোহারা। শেষ পর্যন্ত ৮৯তম মিনিটে আসে তৃতীয় গোল। দলীয় আক্রমণ থেকে আবারও অ্যাসিস্ট করেন মার্ক কুকুরেয়া। তার বাড়ানো বল বক্সে পেয়ে সহজেই জালে জড়ান মিকেল ওইয়ারসাবাল। এটি ছিল চলতি বিশ্বকাপে তার চতুর্থ গোল।
শেষ পর্যন্ত ৩-০ গোলের দাপুটে জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে স্পেন। এই জয়ের পর শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ হবে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ী দল।