০৩ জুলাই ২০২৬, ০২:০১

স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ

স্পেন-অস্ট্রিয়া ম্যাচ   © সংগৃহীত

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার লড়াইয়ে অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে গেছে স্পেন। ম্যাচের ৩৬তম মিনিটে মিকেল ওইয়ারসাবালের গোলে ১-০ ব্যবধানে লিড নেয় লা রোজারা।

যদিও দাপুটে ফুটবল খেলা স্পেন প্রথমার্ধেই একাধিক গোল পেতে পারত। অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাজার ও গোল পোস্ট বাঁধা হয়ে দাঁড়ানোয় সেটি আর সম্ভব হয়নি।

শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন। তবে ম্যাচের গল্প শুধু গোলেই সীমাবদ্ধ নয়। কর্নার থেকে কুকুরেয়ার একটি গোল বাতিল হয় রেফারির বিতর্কিত সিদ্ধান্তে, যেখানে গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগারের সঙ্গে হালকা সংঘর্ষকে ফাউল ধরা হয়, যা নিয়ে চলছে তীব্র বিতর্ক।

এরপর ভাগ্য যেন আরও একবার স্পেনের সামনে দেয়াল তুলে দাঁড়ায়। আলেক্স বায়েনার ২৫ গজ দূর থেকে নেওয়া অসাধারণ ফ্রি-কিক জোরে আঘাত করে ক্রসবারে, ফিরতি বল পেয়ে লামিনে ইয়ামাল প্রায় নিশ্চিত গোলের সুযোগ পান, কিন্তু অসাধারণ রিফ্লেক্সে তা ঠেকিয়ে দেন শ্লাগার।

অবশেষে ৩৬তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্পেন। বাঁ দিক থেকে মার্ক কুকুরেয়ার নিখুঁত পাসে বক্সে ফাঁক গড়ে ঠান্ডা মাথায় ফিনিশ করেন মিকেল ওইয়ারসাবাল। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় লা রোজারা।

গোলের পর প্রথমার্ধের বাকি সময়েও আক্রমণের ধার বজায় রাখে স্পেন। একের পর এক সুযোগ তৈরি করলেও অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগারের দৃঢ়তা এবং কিছু ক্ষেত্রে ভাগ্যের সহায়তায় ব্যবধান আর বাড়াতে পারেনি তারা। সব মিলিয়ে প্রথমার্ধে এগিয়ে থাকলেও আরও বড় লিড নেওয়ার সুযোগ হাতছাড়া করে স্পেন।