০৩ জুলাই ২০২৬, ০১:১৫

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ   © সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠার হাইভোল্টেজ লড়াইয়ে বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় মুখোমুখি হবে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। নকআউটের এই ম্যাচে হারলেই শেষ হয়ে যাবে শিরোপা জয়ের স্বপ্ন, আর জিতলেই মিলবে শেষ ষোলোর টিকিট। তবে ম্যাচটির সবচেয়ে বড় আকর্ষণ দুই কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের মুখোমুখি হওয়া। দুই অভিজ্ঞ তারকার জন্যই এটি হতে পারে বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচ।

গ্রুপ পর্বে ‘কে’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে নকআউটে উঠেছে পর্তুগাল। এক জয় ও দুই ড্রয়ে তাদের সংগ্রহ ছিল ৫ পয়েন্ট। অন্যদিকে ‘এল’ গ্রুপের রানার্সআপ ক্রোয়েশিয়া তিন ম্যাচে দুটি জয় ও একটি হারে ৬ পয়েন্ট নিয়ে জায়গা করে নেয় নকআউটে।

এদিকে ফিফা র‌্যাঙ্কিং ও সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে রয়েছে পর্তুগাল। বর্তমানে র‌্যাঙ্কিংয়ের অষ্টম স্থানে রয়েছে রোনালদোর দল, যেখানে ক্রোয়েশিয়ার অবস্থান ১৩তম।

দুই দলের মুখোমুখি লড়াইয়েও পর্তুগালের আধিপত্য স্পষ্ট। এখন পর্যন্ত ১০ দেখায় ৭টিতে জয় পেয়েছে পর্তুগাল, ক্রোয়েশিয়ার জয় মাত্র একটিতে। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সবশেষ ২০২৪ সালের নভেম্বরে উয়েফা নেশনস লিগে তাদের লড়াই ১-১ গোলে অমীমাংসিত ছিল।

পরিসংখ্যানের পাশাপাশি ভবিষ্যদ্বাণীতেও এগিয়ে পর্তুগাল। অপ্টা সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, নির্ধারিত সময়ে পর্তুগালের জয়ের সম্ভাবনা ৫৬ দশমিক ৭ শতাংশ। ক্রোয়েশিয়ার জয়ের সম্ভাবনা ১৯ দশমিক ৬ শতাংশ, আর ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাও ১৯ দশমিক ৬ শতাংশ।

তবে নকআউট ফুটবলে পরিসংখ্যানের চেয়ে মাঠের পারফরম্যান্সই শেষ কথা। তাই শেষ ষোলোয় জায়গা করে নিতে দুই দলই নিজেদের সেরাটা উজাড় করে দেবে, এমনটাই প্রত্যাশা ফুটবলপ্রেমীদের।