আর্জেন্টিনার একাদশে চমক আনতে পারেন স্কালোনি
আর্জেন্টিনা জাতীয় দলের জন্য স্বস্তির খবর। চোট কাটিয়ে অনুশীলনে সতীর্থদের সঙ্গে পুরোপুরি অংশ নিয়েছেন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো। সবকিছু ঠিক থাকলে শনিবার রাত ৪টায় কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে তাকে শুরু থেকেই খেলাতে পারেন কোচ লিওনেল স্কালোনি। একই সঙ্গে একাদশে ফাকুন্দো মেদিনাকে নিয়ে চমকও দিতে পারেন তিনি।
বুধবার সকালে মিয়ামির উদ্দেশে রওনা হওয়ার আগে অনুশীলন করে আর্জেন্টিনা দল। অনুশীলনে রোমেরো সতীর্থদের সঙ্গে পুরো সময় অংশ নেন এবং কোচিং স্টাফের দেওয়া সব অনুশীলন সফলভাবে সম্পন্ন করেন। তার শারীরিক অবস্থাও সন্তোষজনক ছিল।
তবে স্কালোনি বৃহস্পতিবারের শেষ অনুশীলনের পরই রোমেরোকে মূল একাদশে রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তিনি যদি একইভাবে সুস্থ থাকেন, তাহলে জর্ডানের বিপক্ষে তার জায়গায় খেলা নিকোলাস ওতামেন্দির বদলে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবেন রোমেরো।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে ডান হাঁটুতে আঘাত পাওয়ার কারণে রোমেরোকে মাঠ ছাড়তে হয়েছিল। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগ চলাকালেও একই হাঁটুর পার্শ্বীয় লিগামেন্টে মচকানোর চোটে ভুগেছিলেন তিনি। সতর্কতার অংশ হিসেবেই জর্ডানের বিপক্ষে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।
রোমেরোর ফেরার সম্ভাবনা বাড়লেও আর্জেন্টিনার একাদশ নিয়ে এখনও কয়েকটি জায়গায় অনিশ্চয়তা রয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন সেন্টার ফরোয়ার্ড পজিশনে। লাউতারো মার্তিনেজ কিছুটা এগিয়ে থাকলেও, লিওনেল মেসির সঙ্গে আক্রমণভাগে তিনি খেলবেন নাকি হুলিয়ান আলভারেজ—সে সিদ্ধান্ত এখনও নেয়নি কোচিং স্টাফ।
এ ছাড়া বাঁ প্রান্তের রক্ষণভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নিকোলাস তাগলিয়াফিকো কাফ মাসলের চোট কাটিয়ে জর্ডানের বিপক্ষে খেলেছেন। তবে সাম্প্রতিক সময়ে ফাকুন্দো মেদিনার ভালো পারফরম্যান্স তাকে মূল একাদশে জায়গা পাওয়ার সুযোগ করে দিতে পারে। বুধবারের অনুশীলনে দুজনকেই সমানভাবে প্রস্তুত রাখা হয়েছে।
মাঝমাঠ নিয়ে অবশ্য স্কালোনির ভাবনা অনেকটাই পরিষ্কার। রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদা—এই চারজনকে নিয়েই মাঝমাঠ সাজানোর পরিকল্পনা রয়েছে তার।
আর্জেন্টিনা দল বুধবার রাতেই মিয়ামিতে পৌঁছাবে। বৃহস্পতিবার আর্জেন্টিনা সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে সংবাদ সম্মেলনে কথা বলবেন স্কালোনি। এরপর শেষ অনুশীলন করবে দল।
শুক্রবার মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে জিতলে তারা শেষ ষোলোতে জায়গা করে নেবে। সেই পর্বে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া অথবা মিশর।