বালোগানের গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল যুক্তরাষ্ট্র
শেষ মুহূর্তের গোলে স্বস্তির হাসি নিয়ে প্রথমার্ধ শেষ করেছে যুক্তরাষ্ট্র। পুরো প্রথমার্ধে বল দখল থেকে আক্রমণ—সব দিকেই আধিপত্য দেখানো স্বাগতিকরা অবশেষে ৪৫তম মিনিটে ফ্লোরিয়ান বালোগানের গোলে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে।
শেষ বত্রিশের দশম ম্যাচে সান ফ্রান্সিসকোয় মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। এই ম্যাচের জয়ী দল শেষ ষোলোতে বেলজিয়ামের মুখোমুখি হবে। সেই লক্ষ্য সামনে রেখেই শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা।
প্রথমার্ধের ডিহাইড্রেশন ব্রেক পর্যন্ত কোনো দল গোলের দেখা না পেলেও মাঠের নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি যুক্তরাষ্ট্রের দখলে। ম্যাচের প্রথম ২৪ মিনিটে ৭৮ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল স্বাগতিকরা। এ সময় দুটি শট নিলেও সেগুলোর কোনোটিই লক্ষ্যে রাখতে পারেননি ক্রিশ্চিয়ান পুলিসিকরা।
ক্রমাগত আক্রমণের পুরস্কার পায় যুক্তরাষ্ট্র প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে। ৪৫তম মিনিটে মালিক টিলম্যান বালোগানকে বল বাড়ানোর চেষ্টা করলে সেটি বসনিয়ার দুই ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে বালোগানের সামনেই চলে আসে। সুযোগটি কাজে লাগাতে কোনো ভুল করেননি এই স্ট্রাইকার। গোলরক্ষক নিকোলা ভাসিলজকে একা পেয়ে নিখুঁত শটে বল জালে জড়িয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
প্রথম ৪৫ মিনিটে যুক্তরাষ্ট্র ৬৩ শতাংশ বল দখলে রেখে মোট পাঁচটি শট নেয়। অন্যদিকে পুরো প্রথমার্ধে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা মাত্র একটি শট নিতে সক্ষম হয়। বালোগানের একমাত্র গোলে এগিয়ে থেকেই বিরতিতে মাঠ ছাড়ে স্বাগতিকরা।