কেপ ভার্দে লড়াইয়ের আগে শেষ মুহূর্তে পরিকল্পনা বদল আর্জেন্টিনার
বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশে কেপ ভার্দের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে শেষ প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার ভোরে) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আফ্রিকার দলটির মুখোমুখি হবে।
এ ম্যাচের আগে বুধবার (বাংলাদেশ সময় সন্ধ্যায়) কানসাসে শেষবারের মতো পূর্ণাঙ্গ অনুশীলনে নামবেন লিওনেল মেসিরা। অনুশীলন শেষে স্থানীয় সময় দুপুর ২টায় কানসাস সিটি থেকে মায়ামির উদ্দেশে রওনা দেবে দল।
প্রাথমিক সূচি অনুযায়ী ম্যাচের আগের দিনই ভেন্যু পরিবর্তনের পরিকল্পনা থাকলেও পরে সেটি বদলে ফেলে আর্জেন্টিনা। বিশ্বকাপ ক্যাম্পে আরও একটি অনুশীলন সম্পন্ন করেই মায়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
জানা গেছে, শেষ অনুশীলনটি রুদ্ধদ্বার হতে পারে। নকআউট পর্বের আগে এটিই হবে দলের শেষ পূর্ণাঙ্গ সেশন। এই অনুশীলনেই শুরুর একাদশ অনেকটাই চূড়ান্ত করে ফেলবেন স্কালোনি।
মায়ামিতে পৌঁছে বৃহস্পতিবার হালকা অনুশীলন করবে আর্জেন্টিনা। এরপর শুক্রবার কেপ ভার্দের বিপক্ষে নকআউট লড়াইয়ে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।
তবে ম্যাচের আগে এখনো বেশ কয়েকটি পজিশন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিশেষ করে শেষ মুহূর্তের অনুশীলনে নজর থাকবে স্কালোনির দল নির্বাচনের দিকে। যদিও সম্ভাব্য একাদশ নিয়ে এখনো কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি তিনি। সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত অনুশীলনে সম্ভাব্য একাদশের খেলোয়াড়দের পাশাপাশি অন্য কয়েকজনকেও একই রঙের জার্সি পরিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন আর্জেন্টাইন কোচ।
বাঁ প্রান্তের রক্ষণে নিকোলাস তাগলিয়াফিকো ও ফাকুন্দো মেদিনার মধ্যে জায়গা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা চলছে। অন্যদিকে চোট কাটিয়ে ক্রিস্টিয়ান রোমেরো পুরোপুরি ফিট হলে তিনি সেন্টার-ব্যাকে ফিরবেন, নাকি নিকোলাস ওতামেন্দি একাদশে জায়গা ধরে রাখবেন—সেটিও এখনো নিশ্চিত হয়নি।
আক্রমণভাগেও রয়েছে বড় প্রশ্ন। লিওনেল মেসির সঙ্গী হিসেবে শুরু করবেন লাউতারো মার্টিনেজ, নাকি হুলিয়ান আলভারেজ—সেটি এখনো চূড়ান্ত হয়নি। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যমের ধারণা, এই লড়াইয়ে আপাতত কিছুটা এগিয়ে আছেন লাউতারো। একই সঙ্গে রোমেরো ফিট থাকলে তার এবং তাগলিয়াফিকোর শুরুর একাদশে ফেরার সম্ভাবনাও জোরালো।