০১ জুলাই ২০২৬, ১২:৪৯

মেসি আরও গোল করবে, কিন্তু আমি ট্রফিটাই চাই: এমবাপে

এমবাপে  © টিডিসি ফটো

২০২৬ বিশ্বকাপে গোলের পর গোল করে লিওনেল মেসির রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছেন কিলিয়ান এমবাপে। তবে ব্যক্তিগত রেকর্ড নয়, ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ডের একমাত্র লক্ষ্য বিশ্বকাপের শিরোপা জেতা। মেসি আরও গোল করবেন বলেও বিশ্বাস তার। তাই গোলের রেকর্ড নিয়ে নয়, পুরো মনোযোগ ফাইনালে ওঠা এবং ট্রফি জয়ের দিকেই রাখছেন তিনি।

শেষ ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারানোর পথে জোড়া গোল করেন এমবাপে। এই দুই গোলের সুবাদে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮। ফলে মেসির ১৯ গোলের রেকর্ড থেকে তিনি এখন মাত্র এক গোল দূরে। একই সঙ্গে চলতি বিশ্বকাপে ছয় গোল করে গোলদাতার তালিকায়ও মেসির সমান হয়েছেন ফরাসি অধিনায়ক।

তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই বেশি গুরুত্ব দেন এমবাপে।

তিনি বলেন, ‘আমার লক্ষ্য আগেও যেমন বলেছি, যতদূর সম্ভব এগিয়ে যাওয়া। ১৯ জুলাইয়ের ফাইনালে পৌঁছানো এবং আবার এখানে ফিরে আসাই আমাদের লক্ষ্য।’

ফ্রান্সের এই ফরোয়ার্ড আরও বলেন, ‘আমরা জয়ের জন্য খেলছি এবং ধাপে ধাপে এগোচ্ছি। অবশ্যই যত বেশি গোল করবেন, তত ওপরে উঠবেন। এটা নতুন কিছু নয়।’

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসিকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে এমবাপে সেটিকে গুরুত্ব দিতে চাননি।

তিনি বলেন, ‘আমি নিশ্চিত, লিও (মেসি) আরও গোল করবে। তাই এসব নিয়ে আমি খুব বেশি ভাবছি না। আমার পুরো মনোযোগ সম্ভাব্য প্রতিপক্ষ এবং কীভাবে ফাইনালের আরও কাছে পৌঁছানো যায়, সেদিকেই।’

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হবে। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্স খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। সেই ম্যাচে জিততে পারলে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে স্বাগতিক কানাডা অথবা মরক্কো।

জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারাগুয়ে। দলটি রক্ষণাত্মক কৌশলে সফল হওয়ায় তাদের বিপক্ষে কঠিন লড়াইয়েরই প্রত্যাশা করছেন এমবাপে।

তিনি বলেন, ‘প্যারাগুয়ের ম্যাচের আগে আমরা আরও কাজ করব। এখনও কিছু বিষয় উন্নতির সুযোগ রয়েছে। তবে সামগ্রিকভাবে আমরা ইতিবাচক অবস্থায় আছি। আর আমাদের গোল করার সামর্থ্য এমন যে, যেকোনো ম্যাচেই আমরা এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে পারি।’

বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছেন এমবাপে। একের পর এক গোল করে ব্যক্তিগত রেকর্ডের কাছাকাছি পৌঁছালেও তার চোখ এখন শুধুই শিরোপার দিকে। ব্যক্তিগত পরিসংখ্যান নয়, বিশ্বকাপ ট্রফি জিতেই এবারের আসর শেষ করতে চান ফ্রান্সের সবচেয়ে বড় তারকা।