০১ জুলাই ২০২৬, ০১:০১

আইভরি কোস্টকে বিদায় করে শেষ ষোলোতে নরওয়ে

আইভরি কোস্ট-নরওয়ে ম্যাচ   © সংগৃহীত

বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে আন্তোনিও নুসা ও আর্লিং হলান্ডের গোলে জয় তুলে নেয় ইউরোপের দলটি। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

ম্যাচের শুরুতে কিছুটা আক্রমণাত্মক ছিল আইভরি কোস্ট। তবে পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি আফ্রিকার প্রতিনিধিরা। ৩৭তম মিনিটে নরওয়েকে এগিয়ে দেন আন্তোনিও নুসা। বক্সের বাঁ দিক থেকে দারুণ এক কার্লিং শটে গোল করে ২১ বছর বয়সে নরওয়ের ইতিহাসে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েন এই উইঙ্গার। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় নরওয়ে।

দ্বিতীয়ার্ধে বদলি নেমে ম্যাচে প্রাণ ফেরান আমাদ দিয়ালো। ৬৪তম মিনিটে নিকোলাস পেপের নিখুঁত পাস থেকে কাছাকাছি দূরত্বে বাঁ পায়ের নিচু শটে গোল করে ১-১ সমতা ফেরান তিনি।

তবে আইভরি কোস্টের আনন্দ স্থায়ী হয়নি। মাত্র কয়েক মিনিট পরই আবারও এগিয়ে যায় নরওয়ে। প্যাট্রিক বার্গের বাড়ানো বল বক্সের মাঝখানে পেয়ে বাঁ পায়ের জোরালো শটে জালে পাঠান আর্লিং হলান্ড। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

এই জয়ের ফলে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে নকআউট পর্বে আরও একধাপ এগিয়ে গেল নরওয়ে। এখন তাদের সামনে অপেক্ষা করছে টুর্নামেন্টের অন্যতম বড় চ্যালেঞ্জ। শেষ ষোলোয় কার্লো আনচেলত্তির ব্রাজিলের মুখোমুখি হবে হলান্ড-ওডেগার্ডদের দল।

অন্যদিকে, প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে উঠেও শেষ ৩২ থেকেই বিদায় নিতে হলো আইভরি কোস্টকে। লড়াকু পারফরম্যান্স দেখিয়েও শেষ পর্যন্ত নরওয়ের আক্রমণভাগের সামনে হার মানতে হয়েছে আফ্রিকার প্রতিনিধিদের।