আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিল ঘানার সেই ওঝা
ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে মন্ত্রবলে আটকে দেওয়ার দাবি করে ফুটবল বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন ঘানার ওঝা নানা কোয়াকু বনসাম। এবার চলতি বিশ্বকাপের নকআউট পর্ব নিয়ে এক বিস্ফোরক ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। এই তান্ত্রিকের দাবি, শেষ ৩২ এর লড়াইয়ে কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
গ্রুপ পর্বের ম্যাচে ঘানার মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইনের ওপর বিশেষ ‘কার্জ’ করার দাবি করেছিলেন বনসাম। তখন তিনি বলেছিলেন, ‘আমি কেইনের ওপর কার্জ করছি। আমি তার বড় কোনো ইনজুরি চাই না। তবে আমার দেশের বিরুদ্ধে তাকে আটকে রাখার জন্য যতটুকু দরকার, ততটুকুই করব। ঘানাকে জেতাতে আমি আমার কাজ কার্যকর থাকবে।’
আগামী ৪ জুলাই মায়ামির হার্ডরক স্টেদীয়ামে বিশ্বকাপের 'রাউন্ড অব থার্টি টু' বা শেষ বত্রিশের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। গ্রুপ পর্বের সব ম্যাচে দাপটের সাথে জেতা আর্জেন্টিনাকে এবার বিদায় নিতে হবে বলে ভবিষ্যৎবাণী করেছেন বনসাম। লিওনেল মেসিদের সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’
বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা এখন পর্যন্ত আফ্রিকার দলগুলোর বিরুদ্ধে সাতবার মাঠে নেমে ছয়বারই জিতেছে। তবে নকআউট পর্বে আফ্রিকার কোনো দলের বিপক্ষে এটাই আলবিসেলেস্তেদের প্রথম পরীক্ষা। ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের কাছে সেই ঐতিহাসিক হারের পর আফ্রিকার কোনো দলের কাছে আর বিশ্বকাপে হারেনি তারা। এখন দেখার বিষয়, ইতিহাসকে বুড়ো আঙুল দেখিয়ে ঘানার এই ওঝার নতুন ভবিষ্যদ্বাণী সত্যি হয়, নাকি মায়ামির মাঠে ট্রফি ধরে রাখার মিশনে আরও একধাপ এগিয়ে যায় আর্জেন্টিনা।