ব্রাজিলের উল্লাস, জার্মানির কান্না: সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা
ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে একইদিনে দুটি ভিন্ন গল্পের সাক্ষী হয়েছেন ফুটবলপ্রেমীরা। একদিকে শেষ মুহূর্তের নাটকীয় জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল, অন্যদিকে টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তবে মাঠের লড়াই শেষ হতে না হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ভক্তদের ভিন্ন রকম প্রতিক্রিয়ার ঝড়। মুহূর্তেই এক্স (সাবেক টুইটার), ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে ছড়িয়ে পড়েছে অসংখ্য মিম।
এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ব্রাজিলের অবিশ্বাস্য প্রত্যাবর্তন। প্রথমার্ধে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেওয়ায় অনেকেই মজার ছলে লিখছেন, "ব্রাজিলের ম্যাচ ৯০ মিনিটের নয়, শেষ বাঁশি বাজা পর্যন্ত।" নেটিজেনদের কেউ কেউ এ-ও লিখেছেন, "প্রথমার্ধ জিতেছিল জাপান, ম্যাচ জিতেছে ব্রাজিল।"
এদিকে কোচ কার্লো আনচেলত্তিকে নিয়েও অসংখ্য মিম শেয়ার দিচ্ছেন নেটিজেনরা। প্রথমার্ধে তার গম্ভীর মুখের একটি ছবি এবং ম্যাচ শেষে উচ্ছ্বসিত উদযাপনের ছবি পাশাপাশি রেখে অনেকেই ক্যাপশন দিয়েছেন, "হাফটাইম টিম টক—মিশন সফল।"
বদলি নেমে জয়সূচক গোল করা গ্যাব্রিয়েল মার্টিনেল্লিও আছেন নেটিজেনদের প্রশংসার কেন্দ্রবিন্দুতে। অনেকেই তাকে 'সুপার সাব' আখ্যা দিয়ে লিখেছেন, ‘বেঞ্চে বসে থেকেও ম্যাচের নায়ক।’
অন্যদিকে জার্মানির বিদায় নিয়ে একেবারে ভিন্ন চিত্র চলছে। টাইব্রেকারে কাই হাভার্টজের পেনাল্টি মিস এবং পুরো শুটআউটের ব্যর্থতা নিয়ে অসংখ্য ব্যঙ্গাত্মক পোস্ট দেখা যাচ্ছে স্যোশাল মিডিয়ায়। অনেক ব্যবহারকারী জার্মান দলের একটি হতাশ মুখের ছবি পোস্ট করে লিখেছেন, ‘বিশ্বকাপে টাইব্রেকার? এবার আর জার্মানির গল্পটা আগের মতো নয়।’
ম্যানুয়েল নয়ার টাইব্রেকারে গুরুত্বপূর্ণ একটি সেভ করেও দলকে রক্ষা করতে না পারায় তাকে নিয়েও নানা ধরনের আবেগঘন পোস্ট দেখা গেছে। অনেকেই লিখেছেন, ‘নয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু একা সবকিছু সম্ভব নয়।’
অন্যদিকে প্যারাগুয়ের গোলরক্ষক গিলও রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমের নায়কে পরিণত হয়েছেন। টাইব্রেকারে একাধিক পেনাল্টি ঠেকানোর পর তার ছবি দিয়ে অসংখ্য প্রশংসাসূচক পোস্ট ও মিম ছড়িয়ে পড়েছে। অনেকেই তাকে ম্যাচের প্রকৃত নায়ক হিসেবে উল্লেখ করছেন।
সবমিলিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে বড় দলগুলোর সাফল্য-ব্যর্থতা সবসময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা উন্মাদনা তৈরি করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ব্রাজিলের নাটকীয় জয় আর জার্মানির অপ্রত্যাশিত বিদায়ের দুটি ঘটনাই কয়েক ঘণ্টার মধ্যে ফুটবলপ্রেমীদের আলোচনার পাশাপাশি মিম সংস্কৃতির অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে। তবে নিজেদের পছন্দের দলের বিদায়ে অনেকেই আবারও হতাশাও প্রকাশ করছেন।