ডিফেন্সিভ কেপ ভার্দের বিপক্ষে কৌশলি আর্জেন্টিনা, সম্ভাব্য একাদশে থাকছেন যারা
বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে দাপটের সঙ্গে রাউন্ড অব ৩২ নিশ্চিত করলেও নকআউট পর্বের প্রথম ম্যাচেই বড় এক অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনা। আগামী শুক্রবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ টুর্নামেন্টের নবাগত দল কেপ ভার্দে।
গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো পরাশক্তিদের সঙ্গে ড্র এবং গোলবারের নিচে দুর্দান্ত ভোনজিহা ইতিমধ্যেই ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে। কেপ ভার্দের এই দুর্ভেদ্য রক্ষণ ব্যুহ এবং আল্ট্রা-ডিফেন্সিভ কৌশল ভাঙতে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি তার একাদশ নতুন করে সাজানোর পরিকল্পনা করছেন। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টাইন শিবিরে বড় আলোচনা রক্ষণভাগের বিশ্বস্ত সেনানি ক্রিস্তিয়ান রোমেরোর ইনজুরি থেকে ফেরা এবং আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে মূল স্ট্রাইকার হিসেবে কার জায়গা হচ্ছে তা নিয়ে।
দলের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে আঘাত পাওয়ার পর ধীরে ধীরে সেরে উঠছেন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো এবং সোমবার তিনি দলের সঙ্গে পূর্ণ অনুশীলনও করেছেন। তবে কেপ ভার্দের বিপক্ষে শুক্রবারের ম্যাচে তিনি শুরু থেকেই মাঠে থাকবেন কি না, তা নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহামের হয়ে খেলার সময় একই হাঁটুতে লিগামেন্টে চোট থাকায় কোচিং স্টাফ তাকে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চায় না।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের পর রোমেরোকে বেঞ্চে হাঁটুতে বরফ দিয়ে বসে থাকতে দেখে সমর্থকদের মনে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা দূর করতে জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচে তাকে বিশ্রামে রাখা হয়। রোমেরোর চোট গুরুতর নয় জানিয়ে কোচ লিওনেল স্কালোনি আশ্বস্ত করে বলেছিলেন, 'কুতি ভালো আছে। সে এখনো দলের সঙ্গে অনুশীলন করেনি, আলাদা অনুশীলন করছে, তবে বেশ জোরালোভাবেই কাজ করছে। আমাদের ধারণার চেয়ে চোট কম গুরুতর। এটা আমাদের স্বস্তি দিচ্ছে।'
ম্যাচের আগে বাকি অনুশীলনগুলো দেখে যদি বোঝা যায় রোমেরো শতভাগ প্রস্তুত নন, তবে স্কালোনি কোনো ঝুঁকি না নিয়ে তার জায়গায় নিকোলাস ওতামেন্দিকে খেলাবেন।
রক্ষণভাগের পাশাপাশি আক্রমণভাগের স্ট্রাইকার পজিশন নিয়েও স্কালোনিকে মধুর সমস্যায় পড়তে হচ্ছে। জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে বিশ্বকাপে নিজের প্রথম গোল করে ইন্টার মিলানের তারকা লাউতারো মার্তিনেজ প্রথম একাদশে থাকার দৌড়ে অনেকটাই এগিয়ে গেছেন। দীর্ঘদিন ধরে এই পজিশনের জন্য তার মূল প্রতিদ্বন্দ্বী হুলিয়ান আলভারেজ কিছুটা এগিয়ে থাকলেও গোড়ালির চোটের কারণে তিনি কিছুটা পিছিয়ে পড়েছেন।
অন্যদিকে লাউতারো হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন। জর্ডানের বিপক্ষে ম্যাচে লাউতারো ও হুলিয়ান দুজনকে একসঙ্গে খেলানো হলেও ডিফেন্সিভ কেপ ভার্দের বিপক্ষে অধিনায়ক লিওনেল মেসি দলে ফেরায় স্কালোনি তার পরিচিত ছকেই ফিরবেন এবং দুজনকে একসঙ্গে খেলানোর সম্ভাবনা খুবই কম। এই সপ্তাহের অনুশীলনের পারফরম্যান্স দেখেই মেসির সঙ্গী হিসেবে লাউতারো নাকি হুলিয়ান খেলবেন, তা চূড়ান্ত করবেন স্কালোনি।
সব মিলিয়ে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ হতে পারে— এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো অথবা নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি এবং লাউতারো মার্তিনেজ অথবা হুলিয়ান আলভারেজ।