প্রথমে গোল খেয়ে শেষ কবে ম্যাচে ফিরেছে ব্রাজিল?
হিউস্টনে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির ব্রাজিল। কাইশু সানোর ২৯ মিনিটের সেই গোলটি কেবল জাপানকেই এগিয়ে দেয়নি, বরং ব্রাজিলের সামনে এনে দাঁড় করিয়েছে এক ঐতিহাসিক ও মনস্তাত্ত্বিক দেওয়াল।
পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের মঞ্চে প্রথমে গোল হজম করার পর ম্যাচ জেতাটা ব্রাজিলের জন্য এখন প্রায় অসম্ভব এক সমীকরণ হয়ে দাঁড়িয়েছে। গত এক যুগে এই টুর্নামেন্টে প্রথমে গোল খাওয়ার পর শেষ ৫টি ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপে প্রথমে পিছিয়ে পড়ার পর ব্রাজিলের শেষ ৫ ম্যাচের খতিয়ান:
২০২৬ (গ্রুপ পর্ব): মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র
২০২২ (গ্রুপ পর্ব): ক্যামেরুনের কাছে ১-০ ব্যবধানে হার
২০১৮ (কোয়ার্টার ফাইনাল): বেলজিয়ামের কাছে ২-১ ব্যবধানে হার
২০১৪ (তৃতীয় স্থান নির্ধারণী): নেদারল্যান্ডসের কাছে ৩-০ ব্যবধানে হার
২০১৪ (সেমিফাইনাল): জার্মানির কাছে সেই ঐতিহাসিক ৭-১ ব্যবধানে হার
বিশ্বকাপের মূল মঞ্চে প্রথমে পিছিয়ে পড়ে ব্রাজিলের শেষ জয়ের রেকর্ডটি এসেছিল ঠিক ১২ বছর আগে—২০১৪ সালের ঘরের মাঠের বিশ্বকাপে। উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথমে গোল খেয়েও নেইমারের জোড়া গোল এবং অস্কারের স্ট্রাইকে ৩-১ ব্যবধানে জিতেছিল সেলেসাওরা।
আজ ২০২৬ বিশ্বকাপের নক-আউটে জাপানের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর সেই পুরনো ভূত আবারও তাড়া করছে ব্রাজিলকে। দ্বিতীয়ার্ধে কি আনচেলত্তির দল এই এক যুগের জুজু কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবে, নাকি ব্লু সামুরাইদের নিখুঁত ডিফেন্সের সামনে আরও একবার ভেঙে পড়বে ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন?