ভেনেজুয়েলার ভূমিকম্প দুর্গতদের জন্য ৩ কোটির বেশি টাকা অনুদান দিলেন নেইমার
বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। জরুরি উদ্ধার ও মানবিক সহায়তার জন্য তিনি আড়াই লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩ কোটি ৭ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা। ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে নেইমার বলেন, ভেনেজুয়েলার ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি তিনি গভীর সমবেদনা জানাচ্ছেন। এই কঠিন সময়ে তার অনুদান শোকাহত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও শক্তি ও স্বস্তি বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এই জরুরি তহবিল থেকে দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানি, খাদ্যসামগ্রী, জরুরি চিকিৎসাসেবা এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপনের কাজ পরিচালনা করা হবে।
ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বুধবার দেশটিতে আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া আহত হয়েছেন ৩ হাজার ২৩৮ জন। ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে ৩ হাজার ১৪২টি পরিবার। ধসে পড়া ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনও অভিযান চলছে। তবে বারবার আফটারশক এবং ভারী যন্ত্রপাতির সংকটের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
আন্তর্জাতিক সহায়তার অংশ হিসেবে ভারত ইতোমধ্যে ‘অপারেশন আমিস্তাদ’-এর আওতায় ৬৬ টন জরুরি চিকিৎসাসামগ্রী ও ত্রাণসামগ্রী ভেনেজুয়েলায় পাঠিয়েছে।
এদিকে মাঠের খবরেও ইতিবাচক বার্তা দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, ইনজুরি কাটিয়ে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ফলে বিশ্বকাপের শেষ বত্রিশের নকআউট পর্বে জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি আগের চেয়ে বেশি সময় মাঠে খেলতে পারবেন।
৩৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে বদলি হিসেবে নেমে অল্প সময় খেলেছিলেন। সেই ম্যাচে ব্রাজিল ৩-০ গোলের সহজ জয় পায়।
এই জয়ের মাধ্যমে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপে নিজেদের দারুণ ধারাবাহিকতা ধরে রেখেছে। টানা ৪৪ বছর ধরে তারা গ্রুপ পর্বে শীর্ষস্থান ধরে রাখার কীর্তি বজায় রেখেছে। ১৯৮২ সালের পর থেকে এটি টানা দ্বাদশ বিশ্বকাপ, যেখানে ব্রাজিল নিজেদের গ্রুপের শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে উঠেছে।