ব্রাজিলের বিপক্ষে খেলা হচ্ছে না ‘জাপানি মেসির’
বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের বিপক্ষে বড় ধাক্কা খেল জাপান। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের অন্যতম সেরা তারকা তাকেফুসা কুবোকে পাচ্ছে না সামুরাই ব্লুজরা। হাঁটুর চোট থেকে এখনো পুরোপুরি সেরে না ওঠায় ‘জাপানি মেসি’ খ্যাত এই উইঙ্গারকে নিয়ে কোনো ঝুঁকি নিচ্ছে না জাপান। বিষয়টি নিশ্চিত করেছেন দলের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু।
সোমবার টেক্সাসের হিউস্টনে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ বত্রিশের ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। তবে এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে কুবোর অনুপস্থিতি দলটির জন্য বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।
গত ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাঁ হাঁটুর মেনিসকাসে চোট পান ২৫ বছর বয়সী কুবো। এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে গ্রুপ ‘এফ’-এর বাকি দুটি ম্যাচেও খেলতে পারেননি তিনি।
রবিবার সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত অনুশীলনে কুবোকে দলের অন্যদের সঙ্গে নয়, আলাদাভাবে অনুশীলন করতে দেখা যায়। এরপরই তার খেলা নিয়ে জল্পনা তৈরি হলেও কোচ মোরিয়াসু সেই সম্ভাবনা উড়িয়ে দেন।
তিনি বলেন, ‘সে এখনো শুধু ব্যক্তিগতভাবে দৌড়ানো এবং অনুশীলন করছে, তাই ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে সে খেলছে না।’
কুবোর দ্রুত সুস্থতা কামনা করে জাপানের কোচ আরও বলেন, ‘আমরা খুব করে চাই সে দ্রুত সুস্থ হয়ে উঠুক, এবং সে নিজেও সেটাই চাইছে।’
তারকা এই উইঙ্গারকে ছাড়াই গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ হয়ে শেষ বত্রিশ নিশ্চিত করেছে জাপান। এর মধ্য দিয়ে টানা তিনটি বিশ্বকাপে এবং গত পাঁচটি আসরের মধ্যে চারবার নকআউট পর্বে জায়গা করে নেওয়ার কৃতিত্ব দেখিয়েছে দলটি।
তবে ব্রাজিলের বিপক্ষে ম্যাচকে কঠিন পরীক্ষাই মনে করছেন মোরিয়াসু। তিনি বলেন, ‘ব্রাজিল সবসময়ই একটি শীর্ষস্থানীয় দল। তাদের জেতার খুব ভালো সুযোগ রয়েছে। কেউ কেউ হয়তো বলবেন জাপান এই ম্যাচে আন্ডারডগ (পিছিয়ে থাকা দল)। আমরা সেই বিষয়টি মাথায় রেখেই খেলব।’
তবে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হলেও আত্মবিশ্বাস হারাচ্ছে না জাপান। গত বছর প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারানোর স্মৃতি মনে করিয়ে দিয়ে খেলোয়াড়দের অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন মোরিয়াসু।
তিনি বলেন, ‘আমরা প্রতিপক্ষকে সম্মান করব, তবে গত বছরের ম্যাচের আগেও কিন্তু আমাদের জেতার কোনো সুযোগ দেওয়া হয়নি। আমাদের এই জেতার সম্ভাবনা দিয়েই আমরা ইতিহাস বদলে দিতে পারি।’
কুবোর অনুপস্থিতিতে আক্রমণভাগে বাড়তি দায়িত্ব নিতে হবে জাপানের অন্য ফুটবলারদের। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ব্রাজিলের বিপক্ষে অঘটন ঘটিয়ে বিশ্বকাপে নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে দলগত নৈপুণ্যই হবে সামুরাই ব্লুজদের সবচেয়ে বড় শক্তি।