মরক্কো ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেলেন নেদারল্যান্ডসের তারকা ফুটবলার কোডি গাকপো
বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে দুর্দান্ত ছন্দে থাকা কোডি গাকপো ব্যক্তিগত জীবনে পেয়েছেন এক হৃদয়বিদারক দুঃসংবাদ। গর্ভাবস্থার পঞ্চম মাসে অনাগত সন্তানকে হারিয়েছেন লিভারপুলের এই তারকা ফরোয়ার্ড ও তার সঙ্গী নোয়া ভ্যান ডার বিজ। শোকের এই মুহূর্তেও জাতীয় দলের সঙ্গে থেকে বিশ্বকাপে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গাকপো। সোমবার মরক্কোর বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচেও তার শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।
এই মর্মান্তিক খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন গাকপোর সঙ্গী নোয়া ভ্যান ডার বিজ। নিজের পোস্টে তিনি লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমরা এই মর্মান্তিক খবরটি জানাচ্ছি যে, গর্ভাবস্থায় আমাদের সন্তান মারা গেছে। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। এলাইজা রাফায়েল গাকপো, চিরকাল ভালোবাসায়, চিরকাল আমাদের সন্তান।’
নোয়ার এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে গাকপো ও তার পরিবারের প্রতি সমবেদনা ও সমর্থনের বার্তা জানিয়েছেন অসংখ্য ভক্ত এবং ফুটবল-সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এই কঠিন সময়ে গাকপো ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছে রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)। একই সঙ্গে তারা খেলোয়াড়ের ব্যক্তিগত গোপনীয়তার প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে।
সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘আমরা কোডি এবং তার পরিবারের পাশে আছি। এটি একটি অত্যন্ত দুঃখজনক ব্যক্তিগত পরিস্থিতি। আমরা তাকে সম্ভাব্য সব উপায়ে সমর্থন করছি।’
গভীর শোকের মধ্যেও জাতীয় দলের ক্যাম্প না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন গাকপো। নেদারল্যান্ডস দলের সঙ্গেই থাকছেন তিনি এবং সোমবার রাত ১০টায় মন্টেরিতে মরক্কোর বিপক্ষে শেষ বত্রিশের গুরুত্বপূর্ণ ম্যাচে তার শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত নেদারল্যান্ডসের প্রতিটি ম্যাচেই প্রথম একাদশে খেলেছেন লিভারপুলের এই স্ট্রাইকার। বিশেষ করে সুইডেনকে ৫-১ গোলে হারানো ম্যাচে জোড়া গোল করে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
ব্যক্তিগত জীবনের এই অপূরণীয় ক্ষতির মধ্যেও দেশের হয়ে বিশ্বকাপ মিশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গাকপোর মানসিক দৃঢ়তারই প্রতিফলন বলে মনে করছেন ফুটবল-সংশ্লিষ্টরা।