২৮ জুন ২০২৬, ২৩:১৬

ব্রাজিল নাকি জাপান—সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে এগিয়ে কে?

ব্রাজিল-জাপান ম্যাচ  © সংগৃহীত

হিউস্টন স্টেডিয়ামে আগামীকাল সোমবার (২৯ জুন) রাতে বিশ্বকাপের শেষ ষোলোতে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। গত বছরের প্রীতি ম্যাচের পরাজয়ের প্রতিশোধ নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করতে চায় সেলেসাওরা। অন্যদিকে, বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বের ম্যাচ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে জাপান। এই ম্যাচের বিজয়ী শেষ আটে নরওয়ে অথবা আইভরি কোস্টের মুখোমুখি হবে

বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের সাম্প্রতিক রেকর্ড খুব একটা স্বস্তিদায়ক নয়। শেষ ছয়টি নকআউট ম্যাচের চারটিতেই বিদায় নিতে হয়েছে তাদের, যা আগের ১৭টি বিশ্বকাপ আসরের তুলনায় বেশি। এর বেশির ভাগ পরাজয়ই এসেছে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে।

তবে একটি পরিসংখ্যান ব্রাজিলকে আত্মবিশ্বাস জোগাতে পারে। ১৯৯০ সালের পর থেকে বিশ্বকাপের প্রথম নকআউট রাউন্ডে কখনোই হারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সর্বশেষ ওই আসরে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিয়েছিল তারা। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখার সম্ভাবনাই বেশি দেখছে অপ্টা সুপারকম্পিউটার।

অপ্টার পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৩ শতাংশ। জাপানের জয়ের সম্ভাবনা ১৯.৭ শতাংশ, আর ম্যাচ অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২৩ শতাংশ।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসেও এগিয়ে ব্রাজিল। এখন পর্যন্ত ১৪ দেখায় ব্রাজিল জিতেছে ১১টি ম্যাচ, দুটি ম্যাচ ড্র হয়েছে এবং জাপান জিতেছে মাত্র একবার। সেই একমাত্র জয়টি এসেছে গত বছরের প্রীতি ম্যাচে, যেখানে ৩-২ ব্যবধানে ব্রাজিলকে হারিয়েছিল জাপান। এবার সেই হারের বদলা নেওয়ার সুযোগ পাচ্ছে সেলেসাওরা।