গোল করে আরও এক ইতিহাস গড়লেন মেসি
বিশ্বরেকর্ড যেন লিওনেল মেসির নিত্যসঙ্গী। ২০২৬ বিশ্বকাপে মাঠে নেমেই আবারও ইতিহাসের পাতায় নিজের নাম আরও উজ্জ্বল করলেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পর এবার টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করে পুরুষ ফুটবলের ইতিহাসেও গড়লেন নতুন রেকর্ড।
অনেকের কাছেই সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত মেসি এবার বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে জায়গা করে নিয়েছেন। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ে তিনি বিশ্বকাপে নিজের ১৭তম ও ১৮তম গোল করেন।
এরপর জর্ডানের বিপক্ষেও গোলের দেখা পান মেসি। বক্সের বাইরে থেকে দারুণ এক ফ্রি-কিকে জাল কাঁপিয়ে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৯-এ উন্নীত করেন তিনি। ফলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেন আর্জেন্টাইন অধিনায়ক। এখন প্রশ্ন কেবল একটাই চলতি আসরে তিনি এই সংখ্যা আর কতদূর নিয়ে যেতে পারেন।
এর আগে চলতি বিশ্বকাপেই ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে সর্বকালের গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে যৌথভাবে উঠে এসেছিলেন। তবে মেসি পরবর্তী ম্যাচেই আরও একটি গোল করে ব্যবধান বাড়িয়ে নেন।