২ গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা
লিওনেল মেসিকে শুরুর একাদশে না রেখেও দাপট বজায় রেখেছে আর্জেন্টিনা। ডালাসে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আগেই শেষ ৩২ নিশ্চিত করা আর্জেন্টিনা শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। সপ্তম মিনিটে হুলিয়ান আলভারেসের পাস থেকে জিওভানি লো সেলসো গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।
এরপর ১৭তম মিনিটে বক্সের ঠিক বাইরে লো সেলসোকে ফাউল করেন জর্ডানের তোহা। ফ্রি-কিক পেয়ে যায় আর্জেন্টিনা। বক্সের বাইরে এই সুযোগে মেসির অভাব অনুভব করলেও তা এক মুহূর্তেই ভুলিয়ে দেন লো সেলসো। ১৯তম মিনিটে বাঁ পায়ের নিখুঁত বাঁকানো শটে দেয়াল ভেদ করে বল জালে পাঠান তিনি, অবশ্য গোলরক্ষকের কিছুই করার ছিল না।
গোলের পরও আক্রমণ থামায়নি আর্জেন্টিনা। ২৮তম মিনিটে নিকোলাস তাগলিয়াফিকোর ক্রস থেকে লাউতারো মার্তিনেজের শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বল থেকে মার্কোস সেনেসির হেড জর্ডানের গোলরক্ষক রুখে দেন। তবে ভিএআর পর্যালোচনার পর পেনাল্টি পায় আর্জেন্টিনা।
৩১তম মিনিটে স্পট কিক থেকে ঠান্ডা মাথায় গোল করেন লাউতারো মার্তিনেজ। এই গোলের মাধ্যমেই বিশ্বকাপে নিজের প্রথম গোলের স্বাদ পান ইন্টার মিলানের এই ফরোয়ার্ড।
প্রথমার্ধের শেষ দিকে কিছুটা আক্রমণের চেষ্টা করে জর্ডান। তবে আর্জেন্টিনার সংগঠিত রক্ষণ ভেদ করে কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্কালোনির দল।