২৮ জুন ২০২৬, ০৭:১৩

রোমাঞ্চকর জয়ে নকআউটে ক্রোয়েশিয়া

ক্রোয়েশিয়া-ঘানা ম্যাচ   © সংগৃহীত

দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে সমতা ফিরিয়েছিল ঘানা। সেই মুহূর্তে গ্রুপ রানার্সআপ হয়ে সরাসরি নকআউটে ওঠার স্বপ্নও দেখছিল আফ্রিকার দলটি। কিন্তু শেষ পর্যন্ত নিকোলা ভ্লাসিচের দুর্দান্ত হেডে সেই স্বপ্ন ভেঙে যায়। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া।

ফিলাডেলফিয়ায় ‘এল’ গ্রুপের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে শেষ করেছে ক্রোয়াটরা। একই সময়ে ইংল্যান্ড পানামাকে ২-০ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা ঘানাও সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। তবে তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পানামা।

ম্যাচের ৩১তম মিনিটে পেতার সুইচের দুর্দান্ত নিচু শটে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী শট ঠেকাতে পারেননি ঘানার গোলরক্ষক। ১-০ ব্যবধানে এগিয়েই বিরতিতে যায় ইউরোপের দলটি। প্রথমার্ধে ঘানা একটি শট নিলেও সেটি লক্ষ্যে রাখতে পারেনি।

বিরতির পর আক্রমণের গতি বাড়ায় ঘানা। ৪৯তম মিনিটে আনতোয়ান সেমেনিও দারুণ একটি ক্রসে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন। এরপর ৫৫ মিনিটে আরেকটি সম্ভাবনাময় আক্রমণ লুকা মদরিচ ক্লিয়ার করে বিপদমুক্ত করেন ক্রোয়েশিয়াকে।

অবশেষে ৭৩তম মিনিটে সমতায় ফেরে ঘানা। ফ্রিকিক থেকে আর্নেস্ট নুয়ামার শট ডেরিক লুকাসেন দারুণ এক ভলিতে জালে জড়ান। দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর গোলটির বৈধতা দেন রেফারি।

তবে ঘানার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ৮৩তম মিনিটে লুকা মদরিচের কর্নার থেকে নিকোলা ভ্লাসিচ শক্তিশালী হেডে বল জালে পাঠিয়ে আবারও এগিয়ে দেন ক্রোয়েশিয়াকে।

যোগ করা সময়ের শেষ মিনিটে আবদুল ফাতাউর শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে সমতায় ফেরার শেষ সুযোগটিও হাতছাড়া হয় ঘানার। শেষ বাঁশি বাজতেই ২-১ গোলের জয় নিয়ে উল্লাসে মাতে ক্রোয়েশিয়া।