মেসিকে ছাড়াই মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে বড় রদবদল
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ বাংলাদেশ সময় সকাল ৮টায় জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে আলবিসেলেস্তেদের জন্য ম্যাচটির গুরুত্ব কেবল আনুষ্ঠানিক। প্রথম দুই ম্যাচে অস্ট্রিয়া ও আলজেরিয়াকে হারিয়ে আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। তাই এই ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন এনে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দিচ্ছেন আর্জেন্টাইন কোচ।
সবচেয়ে বড় খবর, শুরুর একাদশে থাকছেন না অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাকে বদলি হিসেবে নামানোর পরিকল্পনা রয়েছে। তবে প্রথম দুই ম্যাচে ক্লিন শিট রাখা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস যথারীতি পোস্টের নিচে থাকছেন।
রক্ষণভাগে চমক হিসেবে সুযোগ পাচ্ছেন জুলিয়ানো সিমেওনে। তার সঙ্গে থাকবেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তাগলিয়াফিকো।
মাঝমাঠে বিশ্বকাপে প্রথমবারের মতো আর্জেন্টিনার জার্সিতে খেলবেন জিওভানি লো সেলসো। একাদশে ফিরেছেন এসেকিয়েল পালাসিওসও। অস্ট্রিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখা লিয়ান্দ্রো পারেদেস কার্ড ঝুঁকিতে থাকলেও নকআউটের আগে ম্যাচের ছন্দ ধরে রাখতে তাকেও শুরু থেকেই খেলাচ্ছেন স্কালোনি। মাঝমাঠ ও আক্রমণের মধ্যে সেতুবন্ধনের দায়িত্বে থাকবেন তরুণ নিকো পাস।
আক্রমণভাগে আজ একসঙ্গে দেখা যাবে হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেসকে। সব মিলিয়ে আগের ম্যাচের তুলনায় নয়টি পরিবর্তন এনে মাঠে নামছে আর্জেন্টিনা।
এই ম্যাচের ফলাফল আর্জেন্টিনার অবস্থানে কোনো প্রভাব ফেলবে না। আগামী ৪ জুলাই মায়ামিতে শেষ ৩২-এর ম্যাচে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ কেপ ভার্দের মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেস (গোলকিপার), জুলিয়ানো সিমিওনে, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এসেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, নিকো পাস, হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেস।