আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
বিশ্বকাপের রাউন্ড অফ-৩২তে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় বিতর্কে জড়িয়ে পড়েছে কেপ ভার্দে। দলটির অধিনায়ক রায়ান মেন্ডেসের বিরুদ্ধে নিউজিল্যান্ডে এক ব্রাজিলীয় নারীকে ধর্ষণের অভিযোগে তদন্ত করছে দেশটির পুলিশ। অভিযোগের সঙ্গে আঘাতের ছবি, মেডিকেল রিপোর্ট এবং ফরেনসিক পরীক্ষার নথিও তদন্তে যুক্ত হয়েছে। তবে এখনো তার বিরুদ্ধে কোনো অভিযোগপত্র দাখিল করা হয়নি এবং তদন্ত চলছে।
ব্রাজিলীয় সংবাদমাধ্যম জিই জানিয়েছে, ঘটনাটি গত ২৭ মার্চ নিউজিল্যান্ডের অকল্যান্ডে ঘটে। সে সময় ফিফা আয়োজিত দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নিতে কেপ ভার্দে জাতীয় দল সেখানে অবস্থান করছিল। অভিযোগের ভিত্তিতে ১০ এপ্রিল থেকে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে নিউজিল্যান্ড পুলিশ।
অভিযোগকারী ব্রাজিলীয় নারী নিউজিল্যান্ডে বসবাস ও কর্মরত। প্রস্ততি ম্যাচ চলাকালে নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশনের চুক্তিতে তিনি কেপ ভার্দে দলের দোভাষী ও পরিচালন সহায়ক হিসেবে কাজ করছিলেন। দায়িত্বের কারণে তিনিও দলের সঙ্গে একই হোটেলে অবস্থান করছিলেন।
পুলিশের কাছে দেওয়া অভিযোগে তিনি জানান, চিলির বিপক্ষে ম্যাচের পর তাকে দলের জন্য সংরক্ষিত একটি কক্ষে বৈঠকের কথা বলে ডাকা হয়। সেখানে গিয়ে তিনি বুঝতে পারেন এটি আসলে একটি সামাজিক আড্ডা। শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তিনি নিজের কক্ষে ফিরে যান।
তার দাবি, কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ার শব্দ শুনে তিনি কর্মস্থলের প্রয়োজন মনে করে দরজা খোলেন। অভিযোগ অনুযায়ী, তখন রায়ান মেন্ডেস তার কক্ষে প্রবেশ করেন এবং তাকে শারীরিকভাবে আক্রমণ করে ধর্ষণ করেন। অভিযোগে বলা হয়েছে, আত্মরক্ষার চেষ্টা করলে তার গলায় চাপ দেওয়া হয়, ঘুষি মারা হয় এবং কামড় দেওয়া হয়।
ঘটনার পর ওই নারী নিজের মুখ, ঘাড়, শরীরের পাশ ও পায়ের আঘাতের ছবি তোলেন। পরে যৌন সহিংসতার শিকারদের সহায়তা দেওয়া একটি ক্লিনিকে চিকিৎসা নেন। মেডিকেল রিপোর্টে তার স্তন, ঘাড়, ঠোঁট, বাহু ও নিতম্বে একাধিক আঘাতের চিহ্নের পাশাপাশি যৌনাঙ্গেও আঘাতের উল্লেখ রয়েছে। এরপর তিনি পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন এবং ফরেনসিক পরীক্ষাও করান।
ওই নারী আরও জানান, তিনি কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সহযোগিতা পাননি। পরে ১০ মে তিনি ও তার স্বামী প্রমাণসহ কেপ ভার্দে ফুটবল ফেডারেশন এবং ফিফার কাছে আইনি নোটিশ পাঠান। সেখানে বিশ্বকাপ থেকে রায়ান মেন্ডেসকে সাময়িকভাবে সরিয়ে দেওয়ার আবেদনও করা হয়। ২০ মে ফিফার নিরাপত্তা অভিযোগ ফরমও পূরণ করা হয়। তবে তাদের দাবি, এখন পর্যন্ত কোনো জবাব মেলেনি।
নিউজিল্যান্ড পুলিশ তদন্তের বিষয়টি নিশ্চিত করেছে। তবে দেশটির গোপনীয়তা আইনের কারণে অভিযুক্তের পরিচয় বা তদন্তের বিস্তারিত প্রকাশ করেনি। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, 'নিউজিল্যান্ড পুলিশ নিশ্চিত করেছে যে, কেন্দ্রীয় অকল্যান্ড এলাকায় ১০ এপ্রিল, ২০২৬ তারিখে নথিভুক্ত একটি অভিযোগ তদন্তাধীন রয়েছে। এই মুহূর্তে আমরা এর বেশি কোনো তথ্য দিতে পারছি না।'
সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, পুলিশ ইতোমধ্যে হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। পাশাপাশি ফরেনসিক পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে। তদন্ত শেষ হলে অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একজন ফৌজদারি আইনজীবীর মতে, এই প্রক্রিয়া শেষ হতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে।
নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশন জানিয়েছে, 'আমরা জানতে পেরেছি যে বিষয়টি নিউজিল্যান্ড পুলিশের কাছে রয়েছে, তাই এই পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করার জন্য তারাই অধিকতর উপযুক্ত অবস্থানে থাকবে।'
অন্যদিকে ফিফা জানিয়েছে, তারা চলমান এই মামলার বিষয়ে কোনো মন্তব্য করবে না। কেপ ভার্দে ফুটবল ফেডারেশনও সংবাদ প্রকাশ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। রায়ান মেন্ডেসের প্রতিনিধির সঙ্গেও যোগাযোগ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
৩৬ বছর বয়সী রায়ান মেন্ডেস বর্তমানে তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইগদির এফকের হয়ে খেলেন। ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই তিনি প্রথম একাদশে ছিলেন। দলটি গ্রুপ ‘এইচ’-এ রানারআপ হয়ে শেষ ৩২তে উঠেছে। আগামী ৩ জুলাই মায়ামিতে শক্তিশালী আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা রয়েছে তাদের।
নিউজিল্যান্ডের আইন অনুযায়ী, যৌন সহিংসতার মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে এই মামলায় এখনো কোনো অভিযোগপত্র দাখিল হয়নি। তাই তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত রায়ান মেন্ডেসের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হয়নি।