২৭ জুন ২০২৬, ২২:১৪

৩২ বিশ্ববিদ্যালয় নিয়ে ফুটসাল শুরু হচ্ছে কাল, লাইভ দেখাবে দ্য ডেইলি ক্যাম্পাস 

বিশ্ববিদ্যালয়ের লোগো  © টিডিসি সম্পাদিত

দেশের ৩২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্ট ‘আমা  কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬’। তিন দিনব্যাপী এ টুর্নামেন্টের সবগুলো খেলাই লাইভ দ্য ডেইলি ক্যাম্পাসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। 

৩২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের নকআউট ম্যাচগুলোর সূচি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর মধ্যে মোট ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো আগামী ২৮, ২৯ ও ৩০ জুন মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ টাকা প্রাইজমানি, রানার্সআপ পাবে ২ লাখ টাকা এবং দুই সেমিফাইনালিস্ট দল পাবে ১ লাখ টাকা করে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে জিটিভিতে; ফলে সারাদেশের দর্শকরাও উপভোগ করতে পারবেন ক্যাম্পাস ফুটসালের এই উন্মাদনা।

অংশগ্রহণকারী ৩২ দল ও ম্যাচ সূচি

এদিকে টুর্নামেন্ট উপলক্ষে শনিবার ফিক্সচার রিভিল অনুষ্ঠানে লটারি পদ্ধতিতে নির্ধারণ করা হয় প্রথম রাউন্ডের প্রতিপক্ষ। জারে রাখা ৩২টি দলের নাম থেকে পর্যায়ক্রমে দুটি করে নাম তুলে একটি করে ম্যাচ চূড়ান্ত করা হয় এবং প্রতিটি ফলাফল সঙ্গে সঙ্গে স্ক্রিন ও বোর্ডে প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-র প্রতিনিধি, টুর্নামেন্ট কর্মকর্তা, ম্যাচ অফিশিয়াল এবং অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর টিম ক্যাপ্টেন ও প্রতিনিধিরা। অনুষ্ঠান শেষে আয়োজিত হয় প্রশ্নোত্তর পর্ব, যেখানে দলগুলো ম্যাচসূচি, নিয়মকানুন ও পরবর্তী প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের কাছে জানতে চান। পরে দলভিত্তিক ও যৌথ গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।