২৭ জুন ২০২৬, ১৮:৩৬

যেমন হতে পারে পর্তুগাল-কলম্বিয়ার শুরুর একাদশ

রোনালদো ও হামেস রদ্রিগেজ  © সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ ‘কে’-এর শ্রেষ্ঠত্ব নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে কলম্বিয়া ও পর্তুগাল। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুূূষ্ঠেট এই হাই-ভোল্টেজ ম্যাচের আগে দুই দলের সম্ভাব্য ফরমেশন ও শুরুর একাদশ নিয়ে ক্রীড়ামোদীদের মাঝে তীব্র আগ্রহ তৈরি হয়েছে। উভয় দলই ইতিমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করায় গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যে পূর্ণ শক্তির দল মাঠে নামাতে পারেন দুই কোচ নেস্টর লরেঞ্জো ও রবার্তো মার্তিনেজ।

কলম্বিয়া সম্ভাব্য একাদশ (ফরমেশন: ৪-৩-৩)
কোচ নেস্টর লরেঞ্জো তার চেনা ৪-৩-৩ ফরমেশনেই দল সাজাতে পারেন। এই কৌশলে গোলপোস্টের নিচে যথারীতি থাকছেন ক্যামিলো ভার্গাস। রক্ষণভাগ সামলানোর দায়িত্বে থাকবেন ড্যানিয়েল মুনিজ, ডেভিনসন সানচেজ, জন লুকুমি এবং জোহান মোজিকা। মাঝমাঠের নিয়ন্ত্রণে লরেঞ্জো ভরসা রাখছেন গুস্তাভো পুয়ের্তা, জেফারসন লেরমা ও জন আরিয়াসের ওপর। অন্যদিকে আক্রমণভাগে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার মূল গুরুদায়িত্ব থাকবে হামেস রদ্রিগেজ, লুইস সুয়ারেজ এবং তারকা উইঙ্গার লুইস দিয়াজের ওপর।

পর্তুগাল সম্ভাব্য একাদশ (ফরমেশন: ৪-২-৩-১)
রবার্তো মার্তিনেজ তার দলকে ৪-২-৩-১ ফরমেশনে মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছেন। পর্তুগিজদের গোলবারের নিচে দেয়াল হয়ে দাঁড়াবেন ডিওগো কোস্টা। রক্ষণভাগে রুবেন দিয়াস ও রেনাতো ভেইগার সাথে দুই ফুলব্যাক হিসেবে থাকবেন জোয়াও কানসেলো এবং নুনো মেন্দেস। মাঝমাঠে রক্ষণের ঢাল হিসেবে খেলবেন জোয়াও নেভেস ও ভিতিনহা। তাদের ঠিক সামনে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলবেন পেড্রো নেটো, ব্রুনো ফার্নান্দেস এবং জোয়াও ফেলিক্স। আর দলনেতা ক্রিশ্চিয়ানো রোনালদো একাই সামলাবেন মূল স্ট্রাইকারের ভূমিকা।

কৌশলগত দ্বৈরথ ও ম্যাচের চাবিকাঠি
এই ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ধারিত হবে মাঝমাঠের দখলের ওপর। কলম্বিয়ার আক্রমণভাগের প্রাণভোমরা হামেস রদ্রিগেজকে বোতলবন্দী করাই হবে পর্তুগালের দুই ডিফেন্সিভ মিডফিল্ডার জোয়াও নেভেস ও ভিতিনহার মূল চ্যালেঞ্জ। হামেস যদি মাঠে একটু ফাঁকা জায়গা পেয়ে যান, তবে লুইস দিয়াজদের গতিকে কাজে লাগিয়ে যেকোনো মুহূর্তেই বিপদ তৈরি করতে পারেন।

একইভাবে গত ম্যাচে জোড়া গোল করে দারুণ ছন্দে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর মুভমেন্ট সামলানোর কঠিন দায়িত্ব থাকবে কলম্বিয়ান ডিফেন্ডার ডেভিনসন সানচেজ ও জন লুকুমি জুটির কাঁধের ওপর। দুই উইং দিয়ে লুইস দিয়াজ এবং পেড্রো নেটোর গতিশীল ড্রিবলিং এই ম্যাচে বড় ব্যবধান গড়ে দিতে পারে। বিশেষ করে জোয়াও কানসেলো ও নুনো মেন্দেসের ওভারল্যাপিং রান পর্তুগালের আক্রমণভাগে বাড়তি ধার যোগ করবে যা সামলাতে কলম্বিয়াকে বিশেষ কৌশলগত শৃঙ্খলা বজায় রাখতে হবে।