জর্ডানের বিপক্ষে কখন মাঠে নামবেন মেসি, জানালেন স্কালোনি
২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এই তথ্য তিনি সবার আগে জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্রীড়া সাংবাদিক এনরিকে মাকায়া মার্কেসকে, যিনি ৯১ বছর বয়সেও সাংবাদিক হিসেবে নিজের ১৮তম বিশ্বকাপ কভার করছেন।
মেসিকে নিয়ে সাধারণত শেষ মুহূর্ত পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেন না স্কালোনি। কিন্তু বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি আসরে উপস্থিত থাকা এই সাংবাদিকের প্রতি সম্মান জানিয়ে নিজের সেই নীতি থেকে ব্যতিক্রম করেন তিনি।
ডালাসে জর্ডানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচ নিয়ে কথা বলছিলেন স্কালোনি। এ সময় প্রশ্ন করার সুযোগ পান এনরিকে মাকায়া মার্কেস। ১৯৫৮ সালে সুইডেন বিশ্বকাপ থেকে শুরু করে টানা প্রতিটি বিশ্বকাপ কভার করা এই কিংবদন্তি সাংবাদিক শনিবারের ম্যাচের একাদশ এবং অধিনায়ক মেসিকে নিয়ে প্রশ্ন করেন। প্রথম দুই ম্যাচে মেসি পাঁচটি গোল করেছেন।
প্রশ্নের জবাবে আবেগঘন কণ্ঠে স্কালোনি বলেন, 'এনরিকে, আপনি আমাকে প্রশ্ন করেছেন, এটা আমার জন্য আনন্দের। এখানে আপনাকে দেখে খুব ভালো লাগছে। আসার জন্য আপনাকে ধন্যবাদ। ১৮টি বিশ্বকাপ কভার করা অবিশ্বাস্য একটি অর্জন। আপনার প্রশ্নের উত্তর দিতে পারাটা আমার জন্য আনন্দের, কারণ আমরা অনেক বছর ধরে একে অপরকে চিনি। আমি যখন আর্জেন্টিনায় খেলতাম, তখন আপনাকে নিয়মিত দেখতাম। আপনি যখন কথা বলতেন, আমাদের কাছে আপনি ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্ব। এখনও আপনি ঠিক তেমনই আছেন।'
এরপর সবাই যে উত্তরটির অপেক্ষায় ছিলেন, সেটিই জানিয়ে দেন আর্জেন্টিনা কোচ।
স্কালোনি বলেন, 'আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। লিও বেঞ্চে থাকবে। শুধু আপনিই প্রশ্ন করেছেন বলেই আমি উত্তর দিচ্ছি, অন্য কেউ হলে আমি এড়িয়ে যেতাম।'
এরপরও নিজের অবস্থান পরিষ্কার করেন স্কালোনি। তিনি বলেন, 'নিশ্চিন্ত থাকুন, আমি শুধু আপনার জন্যই এই উত্তর দিচ্ছি। আপনি সত্যিই এটি প্রাপ্য। দলের একাদশ এখনই বলছি না, সেটা আমার কাছেই থাক। তবে লিওর বিষয়টি বলতে পারি। লিও পরে মাঠে নামবে। পুরো দল আমি ঠিক করে ফেলেছি, কিন্তু সেটা আগামীকাল জানাব। এনরিকে, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। বিশ্বকাপ উপভোগ করুন।'
মাকায়া মার্কেস এরপর স্কালোনির দেওয়া এই সুযোগ কাজে লাগিয়ে একাদশের প্রশ্ন বাদ দিয়ে বিশ্বকাপে বিভিন্ন দলের খেলার ধরন নিয়ে জানতে চান।
উত্তরে স্কালোনি বলেন, 'আমরা বিভিন্ন ধরনের ফুটবল দেখছি এবং সব ধরনের খেলাতেই সাফল্য আসছে। কেউ স্পেনের মতো বা আমাদের মতো বল দখলে রেখে আক্রমণ করছে। কেউ পাল্টা আক্রমণে খেলছে, আবার কেউ রক্ষণাত্মক কৌশল নিয়েছে। গতকাল অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের ম্যাচ দেখেছি। তারা খুব কঠিন লড়াই করে ০-০ ড্র করেছে এবং পরের পর্বে উঠেছে। তাদের বিপক্ষে কোনো দলের জন্যই সহজ হবে না।'
নিজেদের খেলার ধরন নিয়ে আর্জেন্টিনা কোচ বলেন, 'আমার মনে হয় আমাদের মতো একটি দলের জন্য হঠাৎ করে খেলার ধরন পুরোপুরি বদলে ফেলা খুব কঠিন। কিছু ছোট পরিবর্তন আনা যায়, কিন্তু পুরো দর্শন বদলানো সম্ভব নয়, কারণ সেটি আমাদের পরিচয় নয়। প্রতিপক্ষ অনুযায়ী কিছু বিষয় পরিবর্তন করা যেতে পারে। আমার বিশ্বাস, যেমনটা সব সময় হয়েছে, জেতার একটাই পথ নেই। সবাই নিজেদের মতো করে সফল হতে পারে। তবে শেষ পর্যন্ত শক্তিশালী দলগুলোই শেষ পর্যায়ে পৌঁছায়।'
মাকায়া মার্কেসের এই প্রশ্নের মাধ্যমে মেসিকে নিয়ে সব জল্পনারও অবসান হয়েছে। যদিও তিনি জর্ডানের বিপক্ষে শুরু থেকে খেলবেন না, তবুও দ্বিতীয়ার্ধে মাঠে নামবেন। মূল লক্ষ্য, তাকে ম্যাচের ছন্দে রাখা এবং ৩ জুলাই মায়ামিতে অনুষ্ঠিতব্য শেষ ৩২-এর ম্যাচের আগে পুরোপুরি প্রস্তুত রাখা।
সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পর গণমাধ্যমের মুখোমুখি হন আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো। তিনিও মাকায়া মার্কেসের প্রশংসা করেন এবং কিংবদন্তি এই সাংবাদিকের সামনে আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা জানান।
তাগলিয়াফিকো বলেন, 'এই ভদ্রলোক, এই কিংবদন্তিকে নিয়ে আমি কিছু বলতে চাই। তার ছেলের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল আমার। সত্যি বলতে এর কোনো তুলনা হয় না। ছোটবেলায় তার কথা শুনে যেমন অনুভূতি হতো, এখনও ঠিক তেমনই মনে হয়। তিনি সত্যিই একজন কিংবদন্তি। তিনি এখানে আছেন, এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। আশা করি আমরা আমাদের সেরাটা দিতে পারব, যাতে তিনি মাঠে বসে এটাও উপভোগ করতে পারেন।'