২৭ জুন ২০২৬, ১০:২৩

ফাইনালে যেতে নকআউট পর্বে কবে কোন দলের বিপক্ষে খেলতে হবে আর্জেন্টিনাকে

আর্জেন্টিনা ফুটবল দল   © টিডিসি ফটো

২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার পথ এখন পুরোপুরি পরিষ্কার। গ্রুপ ‘জে’-এর চ্যাম্পিয়ন হিসেবে এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ নিশ্চিত করা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা জেনে গেছে ফাইনালে উঠতে হলে কোন ধাপে কোন দলের মুখোমুখি হতে হতে পারে। শেষ ৩২-এ তাদের প্রথম প্রতিপক্ষ কেপ ভার্দে। এরপর ধাপে ধাপে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ইরান, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, ব্রাজিল ও ইংল্যান্ড। আর ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস কিংবা জার্মানির বিপক্ষে দেখা হতে পারে কেবল ফাইনালেই।

গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই নকআউট পর্বের পুরো ড্র ও ম্যাচসূচি চূড়ান্ত হয়েছে। গ্রুপ ‘এইচ’-এ স্পেনের পর রানার্সআপ হয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে কেপ ভার্দে। শেষ ম্যাচে চমক দেখিয়ে নকআউটে ওঠা আফ্রিকার দলটিই হবে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ।

নকআউট পর্বের প্রতিটি ম্যাচ জিততে পারলে আর্জেন্টিনা ফাইনালে উঠবে। বাংলাদেশ সময় অনুযায়ী তাদের সম্ভাব্য সূচি হলো—

* শেষ ৩২: শনিবার (৪ জুলাই) সকাল ৫টা, মায়ামি — প্রতিপক্ষ: কেপ ভার্দে
* শেষ ১৬: মঙ্গলবার (৭ জুলাই) রাত ১১টা, আটলান্টা — সম্ভাব্য প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া / বেলজিয়াম / ইরান / নিউজিল্যান্ড
* কোয়ার্টার ফাইনাল: রবিবার (১২ জুলাই) সকাল ৮টা, কানসাস সিটি — সম্ভাব্য প্রতিপক্ষ: সুইজারল্যান্ড
* সেমিফাইনাল: বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ২টা, আটলান্টা — সম্ভাব্য প্রতিপক্ষ: ব্রাজিল / ইংল্যান্ড
* ফাইনাল: সোমবার (২০ জুলাই) রাত ২টা, নিউ জার্সি

নকআউট পর্বে আর্জেন্টিনার প্রথম বাধা কেপ ভার্দে। বিশ্বকাপে নিজেদের প্রথম অংশগ্রহণেই দারুণ চমক দেখিয়েছে আফ্রিকার দলটি। কঠিন একটি গ্রুপ থেকে রানার্সআপ হয়ে তারা শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে।

আর্জেন্টিনা যদি কেপ ভার্দেকে হারিয়ে শেষ ১৬-এ ওঠে, তাহলে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া অথবা বেলজিয়াম, ইরান কিংবা নিউজিল্যান্ডের মধ্যে কোনো একটি দল।

অস্ট্রেলিয়া পরের ধাপে উঠতে পারলে ২০২২ কাতার বিশ্বকাপের শেষ ১৬-এর পুনরাবৃত্তি দেখা যেতে পারে। সেই আসরে লিওনেল স্কালোনির দল ২-১ গোলে জয় পেলেও প্রত্যাশার তুলনায় কঠিন লড়াই করতে হয়েছিল।

কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে আর্জেন্টিনার সবচেয়ে কঠিন সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে সুইজারল্যান্ডকে। তবে সেই ম্যাচ হওয়ার জন্য দুই দলকেই নিজেদের আগের ধাপের বাধা পার হতে হবে।

অন্যদিকে সম্ভাব্য সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে ব্রাজিল অথবা ইংল্যান্ড।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এবং সম্ভাব্য শক্তিশালী দলগুলো নিজেদের ম্যাচ জিততে পারলে, ফাইনালের আগে আর্জেন্টিনার সঙ্গে ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস কিংবা জার্মানির দেখা হওয়ার সুযোগ নেই। এই চার দলের যেকোনো একটির বিপক্ষে লড়াই হতে পারে শুধুমাত্র বিশ্বকাপের ফাইনালে।