ব্রাজিলকে এড়িয়ে নকআউটে যাদের পেল নেদারল্যান্ডস
শক্তির বিচারে নেদারল্যান্ডসের তুলনায় অনেকটাই পিছিয়ে ছিল তিউনিসিয়া। মাঠের খেলাতেও সেই পার্থক্য স্পষ্ট হয়েছে। প্রত্যাশামাফিক জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ডাচরা। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে ‘সি’ গ্রুপের রানার্সআপ মরক্কো।
শুক্রবার ভোরে ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারায় নেদারল্যান্ডস। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে পরের রাউন্ডে উঠেছে তারা। অন্যদিকে টানা তিন পরাজয়ে কোনো পয়েন্ট ছাড়াই বিশ্বকাপ মিশন শেষ করেছে তিউনিসিয়া।
এর আগে সুইডেনের কাছে ৫-১ এবং জাপানের বিপক্ষে ৪-০ গোলে হেরেছিল হার্ভে রেনারের দল। শেষ ম্যাচেও পরাজয়ের ফলে তিন ম্যাচে মোট ১২ গোল হজম করে বিদায় নিতে হয়েছে আফ্রিকার প্রতিনিধিদের। সাতবার বিশ্বকাপে অংশ নিয়েও এবারও গ্রুপ পর্বের বাধা পেরোতে পারল না তিউনিসিয়া।
অন্যদিকে নেদারল্যান্ডস বিশ্বকাপ অভিযান শুরু করেছিল জাপানের বিপক্ষে ২-২ গোলের ড্র দিয়ে। দ্বিতীয় ম্যাচে সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়া ডাচরা শেষ ম্যাচেও দাপট ধরে রেখে ৩-১ ব্যবধানে হারাল তিউনিসিয়াকে। ফলে টানা ভালো পারফরম্যান্সে গ্রুপসেরা হয়ে নকআউট নিশ্চিত করেছে তারা।
যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় নেদারল্যান্ডস। তৃতীয় মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা। মাত্র চার মিনিট পর ব্রায়ান ব্রোবি ব্যবধান দ্বিগুণ করলে শুরুতেই চাপে পড়ে তিউনিসিয়া। এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে আর গোল পায়নি ডাচরা। ২-০ ব্যবধানে এগিয়েই বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে তিউনিসিয়া। ৫৪তম মিনিটে হাজেম মাসতুরি গোল করে ব্যবধান ২-১ করেন। তবে সেই আশায় দ্রুতই পানি ঢেলে দেন ইয়ান পল ফন হেক। ৬২তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে নেদারল্যান্ডসের ৩-১ ব্যবধান নিশ্চিত করেন তিনি। শেষ পর্যন্ত এই ব্যবধানই অটুট থাকে, আর স্বস্তির জয় নিয়েই নকআউটে পা রাখে ডাচরা।