২৫ জুন ২০২৬, ০১:৫৩

২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খোয়াতে চাচ্ছে কোন দল?

২০২৬ বিশ্বকাপ  © সংগৃহীত

​১৯৮২ সালের ‘গিঁজনের কলঙ্ক’ রোধ করতে ফিফা গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো একই সময়ে আয়োজনের নিয়ম করলেও, ২০২৬ বিশ্বকাপে এসে সেই সমীকরণ আবার নতুন করে জটিল আকার ধারণ করেছে। এবারের ৪৮ দলের বিশ্বকাপে ফিফা টাইব্রেকার হিসেবে গোল ব্যবধানের চেয়ে ‘হেড-টু-হেড’ (মুখোমুখি লড়াইয়ের ফল)-কে বেশি গুরুত্ব দিচ্ছে। এর ফলে দলগুলো একই সময়ে মাঠে নামলেও নিজেদের অবস্থান ও কী ফলাফল দরকার, সে সম্পর্কে বেশ পরিষ্কার ধারণা পেয়ে যাচ্ছে।

​সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এবারের নিয়মের কারণে অনেক দল ইচ্ছা করে ম্যাচ হারতে বা ড্র করতে চাইবে বলে শঙ্কা দেখা দিয়েছে। উদাহরণস্বরূপ, গ্রুপ ‘জে’-র সমীকরণটি বেশ কৌতূহলোদ্দীপক। এই গ্রুপে আর্জেন্টিনা ইতোমধ্যেই চ্যাম্পিয়ন হিসেবে নক-আউট নিশ্চিত করেছে। এখন আলজেরিয়া ও অস্ট্রিয়া মুখোমুখি হবে তাদের শেষ ম্যাচে। বর্তমান ফরম্যাটে ৪ পয়েন্ট পেলেই তৃতীয় স্থানে থাকা দলেরও নক-আউটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে এই দুই দল ড্র করলেই উভয়ে নিরাপদে পরের রাউন্ডে চলে যেতে পারবে।

​তবে শঙ্কার মূল কারণটি হলো নক-আউটের প্রতিপক্ষ নির্ধারণের সমীকরণ। নিয়ম অনুযায়ী, গ্রুপ ‘জে’-র রানার্স-আপ দলকে শেষ ৩২-এর ম্যাচে মুখোমুখি হতে হবে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট স্পেনের। অন্যদিকে, এই গ্রুপের তৃতীয় হওয়া দলটি তুলনামূলক সহজ প্রতিপক্ষ বেলজিয়াম বা মিশরের মুখোমুখি হবে। ফলে অস্ট্রিয়ার মতো দলের জন্য গ্রুপে দ্বিতীয় হওয়ার চেয়ে ইচ্ছাকৃতভাবে হেরে বা ড্র করে তৃতীয় হওয়াই বেশি লাভজনক। এমন কৌশলগত হিসেব-নিকেশের কারণে এবারের বিশ্বকাপে মাঠের ভেতরে আবার নতুন করে পাতানো ফলাফল বা ‘অলিখিত চুক্তির’ শঙ্কা জোরালো হচ্ছে।