২৪ জুন ২০২৬, ১০:১০

পানামাকে বিদায় করে স্বপ্ন বাঁচাল ক্রোয়েশিয়া

ক্রোয়েশিয়া দল   © সংগৃহীত

জিতলে নকআউটের আশা বাঁচবে, হারলেই শেষ হয়ে যাবে বিশ্বকাপ স্বপ্ন—এমন সমীকরণ নিয়েই মাঠে নেমেছিল ক্রোয়েশিয়া ও পানামা। বদলি নেমে আন্তে বুদিমিরের করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষমেশ টুর্নামেন্টে টিকে রইল ২০১৮ সালের রানার্স-আপরা।

টরন্টোর বৃষ্টিভেজা রাতে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। কাগজে-কলমে এগিয়ে থাকা ক্রোয়েশিয়াকে বেশ কয়েকবার চাপে ফেলে দেয় পানামা। বরং প্রথমার্ধের সবচেয়ে পরিষ্কার সুযোগটিও তৈরি করে মধ্য আমেরিকার দেশটি।

হাইড্রেশন বিরতির ঠিক আগে ডান প্রান্ত থেকে আমির মুরিলোর নিখুঁত ক্রসে হোসে লুইস রদ্রিগেসের হেডে গোলের গন্ধ পেয়েছিল পানামা। কিন্তু অসাধারণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে আঙুলের ডগায় বল ছুঁয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। এরপর বল ক্রসবারে লেগে ফিরে এলে স্বস্তির নিঃশ্বাস ফেলে ক্রোয়েশিয়া।

বিরতির আগে ক্রোয়েশিয়াও সুযোগ পেয়েছিল। মার্টিন বাতুরিনার জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন পানামার গোলরক্ষক অরল্যান্ডো মস্কেরা। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ক্রোয়াট কোচ জ্লাতকো দালিচ। গোলের খোঁজে বিরতির পরপরই পেতার মুসার বদলে মাঠে নামান আন্তে বুদিমিরকে। সেই সিদ্ধান্তের ফল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি।

৫৪তম মিনিটে ডান দিক থেকে ইয়োসিপ স্তানিসিচের মাপা ক্রসে পানামার ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে নিখুঁত ট্যাপ-ইনে বল জালে জড়িয়ে দেন বুদিমির। ম্যাচের একমাত্র গোলটিই শেষ পর্যন্ত হয়ে ওঠে ব্যবধান গড়ে দেওয়া মুহূর্ত।

এই জয়ে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এল’-এ নিজেদের আশা বাঁচিয়ে রাখল ক্রোয়েশিয়া। অন্যদিকে টানা দুই পরাজয়ে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো পানামার।