২৪ জুন ২০২৬, ০৯:০১

ঘানার বিপক্ষে হতাশার গোলশূন্য ড্রয়ের পর যা বললেন টুখেল

ট্মাস টুখেল   © সংগৃহীত

ঘানার বিপক্ষে ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়েও গোলশূন্য ড্রয়ের হতাশায় মাঠ ছাড়তে হয়েছে থমাস টুখেলের ইংল্যান্ডকে। দলের এমন ছন্নছাড়া ফুটবল এবং শেষ মুহূর্তের সুযোগ হাতছাড়া হওয়া নিয়ে ম্যাচ শেষে মুখ খুলেছেন ইংলিশদের এই জার্মান মাস্টারমাইন্ড। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি স্পোর্ট-এর মুখোমুখি হয়ে টুখেল কথা বলেছেন ঘানার রক্ষণব্যূহ এবং হ্যারি কেইনের সেই অবিশ্বাস্য মিস নিয়ে।

ম্যাচের একদম শেষ দিকে নিকো ও'রাইলির হেড পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি বলে গোল করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। পুরো ম্যাচে মাত্র ১৯ বার বল ছুঁতে পারা কেইনের এই মিস নিয়ে টুখেল বলেন, সাধারণত এই ধরনের পরিস্থিতি আমাদের জন্য নিশ্চিত একটি গোল এনে দেয়। এটি খুব বড় একটি সুযোগ ছিল, যার পরপরই আমরা আরও একটি সুযোগ পেয়েছিলাম। শেষ মুহূর্তের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে গোলটি পেলে আমাদের জন্য তা প্রাপ্যই হতো।

তবে প্রতিপক্ষ ঘানার অতি-রক্ষনাত্মক কৌশলের প্রশংসা করতেও ভোলেননি টুখেল। কার্লোস কুইরোজের শিষ্যদের লো-ব্লক ডিফেন্সের রণকৌশল নিয়ে তিনি বলেন, আমরা জানতাম এই ম্যাচটি আমাদের জন্য বেশ কঠিন হতে যাচ্ছে। প্রথম ম্যাচের চেয়েও আজ তারা অনেক বেশি রক্ষণাত্মক ফুটবল খেলেছে। মাঠের ভেতর তারা মূলত ৪-৫-১ ফরমেশনে রক্ষণ সামলেছে। ম্যাচের সময় যত গড়িয়েছে, আমরা আমাদের তীব্রতা তত বাড়িয়েছি এবং সুযোগ তৈরি করেছি, কিন্তু শেষ পর্যন্ত তার কোনো ফল বা পুরস্কার আমরা ঘরে তুলতে পারিনি।

আক্রমণভাগের ব্যর্থতা থাকলেও, দলের রক্ষণভাগের সতর্ক অবস্থান নিয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন টুখেল। পাল্টা আক্রমণ সামলানোর বিষয়ে তিনি যোগ করেন, ম্যাচের সিংহভাগ সময়জুড়ে প্রতিপক্ষের কাউন্টার-অ্যাটাকগুলো রুখে দেওয়ার ক্ষেত্রে আমাদের রক্ষণভাগ খুব ভালো কাজ করেছে। সামনের ম্যাচগুলোতেও আমাদের এই দিকটিতে বিশাল পরিমাণে মনোযোগ ধরে রাখতে হবে।