আর্জেন্টিনার বিপক্ষে খেলার সম্ভাবনা নিয়ে যা বললেন রোনালদো
উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার রাতে স্পটলাইট কেড়ে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথমার্ধেই জোড়া গোল করে কিংবদন্তি ইউসেবিওকে ছাড়িয়ে পর্তুগালের হয়ে বিশ্বকাপে এককভাবে সর্বোচ্চ গোলের (১০ গোল) রেকর্ড এখন তার দখলে। তবে ম্যাচ শেষে শুধু নিজের রেকর্ড বা দলের জয় নয়, ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আগ্রহের জায়গা—লিওনেল মেসি ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে এক বিস্ফোরক ও রোমাঞ্চকর মন্তব্য করেছেন ৪১ বছর বয়সী এই মহাতারকা।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে যখন রোনালদোকে প্রশ্ন করা হয়, এই বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনাকে তিনি কীভাবে দেখছেন? স্বভাবসুলভ হাসিতে সিআরসেভেনের উত্তর ছিল সরাসরি।
“এই বিশ্বকাপে লিও মেসির মুখোমুখি হওয়া? এই প্রশ্নের এখন খুব একটা যৌক্তিকতা নেই… তবে ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি। যদি তেমন কিছু হয়, তবে সেটা হবে একেবারে টপ (দারুণ কিছু)!”
মেসি-দ্বৈরথ নিয়ে ফুটবলপ্রেমীদের মনে রোমাঞ্চের হাওয়া দিলেও, পর্তুগিজ অধিনায়ক মাটিতেই রাখছেন পা। নিজের ও দলের বর্তমান লক্ষ্য মনে করিয়ে দিয়ে তিনি বলেন:
“তবে আমার পুরো মনোযোগ ছিল আজকের ম্যাচের ওপর। আমরা জিতেছি, আমি গোল করতে পেরেছি এবং আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমি এটা নিয়েই সবচেয়ে বেশি খুশি।”
উজবেকিস্তানের রক্ষণভাগ চূর্ণ করে জোড়া গোল করার পর রোনালদোর এই আত্মবিশ্বাসী বার্তা জানান দিচ্ছে, ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসেও চিরপ্রতিদ্বন্দ্বী মেসির মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ নিতে তিনি পুরোপুরি প্রস্তুত। ফুটবল ভক্তদের এখন একটাই প্রার্থনা—চলতি ২০২৬ বিশ্বকাপের নক-আউট পর্বে যেন সত্যি হয় এই ‘মহাকাব্যিক’ রূপকথা!